গিবসের আত্মজীবনী-বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবিতে আবদুল রাজ্জাকের হাতে যখন নাস্তানাবুদ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, হার্শেল গিবসের সৌজন্যে দেশে তখন আলোয় এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অনেক অন্ধকার অধ্যায়। আত্মজীবনীতে চমক দেওয়া এখন যেন একটা রীতি হয়েই দাঁড়িয়েছে। তবে গিবস তাঁর আত্মজীবনী টু দ্য পয়েন্ট-এ সাবেক সতীর্থদের নিয়ে যেভাবে বলেছেন, এমন নজির মনে হয় ইতিহাসে খুব কমই আছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের যৌন উন্মত্ততা, মাদকসেবন আর শৃঙ্খলাভঙ্গের অনেক কাহিনি উঠেছে এসেছে বইয়ে।বিভিন্ন সফরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বিকৃত যৌনাচারের রগরগে বর্ণনা আছে বইয়ে। শুধু সতীর্থদের কথাই নয়, সবকিছুতেই নিজের জড়িত থাকার কথাও অকপটে জানিয়ে দিয়েছেন। লিখেছেন ২০০১ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের সেই বহুল আলোচিত ‘মারিজুয়ানা আসর’-এর কথাও। রজার টেলেমেকাস, আন্দ্রে নেল, জাস্টিন কেম্প ও গিবস মারিজুয়ানার আসর বসিয়েছিলেন বলে খবর বেরিয়েছিল সেই সময়। বইয়ে সেই ঘটনা স্বীকার করে গিবস লিখেছেন, ‘মারিজুয়ানা আসরের পরিকল্পনাটা আমারই ছিল। আমি ভেবেছিলাম জয় উদ্যাপন করা উচিত “যথাযথভাবে”। কিন্তু ড্যারিল (কালিনান) ঘটনাটা ফাঁস করে দিয়েছিল।’অধিনায়ক গ্রায়েম স্মিথের অতিরিক্ত ক্ষমতার প্রসঙ্গও উঠে এসেছে গিবসের কলমে। এমনকি সাবেক কোচ মিকি আর্থারকেও নাকি স্মিথকে মান্য করে চলতে হতো। সিনিয়র ক্রিকেটাররা নাকি জুনিয়রদের ওপর খবরদারির চেষ্টা করেন আর এ জন্য দলে সব সময়ই ‘সিনিয়র-জুনিয়র’ দুটি গ্রুপ থাকে। এই বিভেদের জন্যই নাকি দক্ষিণ আফ্রিকার টিম স্পিরিট কখনোই ভালো নয়। গিবসের দাবি, মূল বিভেদ সৃষ্টিকারী হলেন স্মিথ, জ্যাক ক্যালিস, মার্ক বাউচার আর সাম্প্রতিক সময়ে এবি ডি ভিলিয়ার্স।‘হানসি ক্রনিয়ে’ অধ্যায়ের পর দলের ভেতরের অবস্থাও বইয়ে লিখেছেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান, ‘পোলকের জন্য আমার সহানুভূতি আছে, খুব কঠিন সময়ে ওকে দায়িত্ব নিতে হয়েছিল। তবে হানসির সবকিছু প্রকাশিত হওয়ার পর কোনোকিছুই আর আগের মতো ছিল না। দল আর কখনোই ঐক্যবদ্ধ হতে পারেনি। পলির অধিনায়কত্বে হানসির সময়কার মতো একতা ছিল না, ও সবার সঙ্গে সেভাবে মিশতে পারেনি।’সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি গিবসের সব দাবিকে ‘ফালতু ও হতাশাজনক’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকা দলে গিবসের এই ‘বোমা’-র প্রতিক্রিয়া কেমন হবে, কে জানে! বছর দুয়েক ধরেই দলে আসা-যাওয়ার মধ্যে আছেন গিবস। তবে বোর্ডের সঙ্গে চুক্তি আছে এপ্রিল মাস পর্যন্ত। বোর্ডও নিশ্চয়ই ব্যাপারটা ভালোভাবে নেবে না! ওয়েবসাইট।