গিবসের ক্যারিয়ার শেষ!
সর্বশেষ খেলেছেন ভারতের আহমেদাবাদে, গত ফেব্রুয়ারিতে। রয়টার্সের খবর সত্যি হলে আহমেদাবাদেই ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেলেছেন হার্শেল গিবস! ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের সঙ্গে না কি চুক্তি ছিন্ন করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বোর্ড।এ বছর আত্মজীবনীতে দেশের বোর্ড ও ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন গিবস। এ ঘটনায় বোর্ড কর্মকর্তা ও সতীর্থদের সঙ্গে তাঁর দূরত্বের সৃষ্টি হয়। গিবসের সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানিয়ে বোর্ডের প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা আজ শুক্রবার রয়টার্সকে বলেন, দুই পক্ষের মতামত নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি স্পর্শকাতর বলে এ নিয়ে আর কোনো মন্তব্য নয়।১৯৯৬ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়া হার্শেল গিবস ৯০টি টেস্ট ও ২৪৮টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। টেস্টে ৪১.৯৫ গড়ে তাঁর রান ৬১৬৭, আর ওয়ানডেতে ৩৬.১৩ গড়ে ৮০৯৪। দীর্ঘ ক্যারিয়ারে দুবার ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও রয়েছে গিবসের। ২০০৩ সালে কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে খেলেন ক্যারিয়ারের সর্বোচ্চ ২২৮ রানের ইনিংস। টেস্টে গিবসের সেঞ্চুরি ১৪টি, আর ওয়ানডেতে ২১টি।