গিবসের ক্যারিয়ার শেষ: ওয়েসেলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মজীবনী ‘টু দ্য পয়েন্ট’-এ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অনেক অন্ধকার দিকের কথা ফাঁস করে দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন হারশেল গিবস। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এর কী প্রভাব পড়বে, সেটা এখনো বোঝা না গেলেও গিবসের ক্যারিয়ার যে শেষ সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলস।ওয়েসেলস বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে আরেকবার মাঠে নামার আশা মোটামুটি শেষই হয়ে গিয়েছে গিবসের। সে তার বইয়ে কিছু গুরুতর অভিযোগ করেছে। গিবসের এসব কথাবার্তায় অনেকেই অবাক হয়েছেন।’ গিবস তাঁর আত্মজীবনীতে যেসব বিতর্কিত বিষয়ের অবতারণা করেছেন, সে জন্য তাঁর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন ওয়েসেলস। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সভাপতি মটুটুলেজি নয়োকা অবশ্য গিবসের এই বইয়ের ব্যাপারে মন্তব্য করার সময় খুব সাবধান ছিলেন। তিনি বলেছেন, ‘আমি বইটির ব্যাপারে শুধু পত্রিকাতেই পড়েছি। বইটি এখনো পড়ে দেখিনি। কাজেই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আর আমি সেসব বই পড়তেই আগ্রহী যেগুলো তরুণদের বিকাশে সহায়তা করে।’ গিবস তাঁর এই বইয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের যৌন উন্মত্ততা, মাদকসেবন আর শৃঙ্খলাভঙ্গের অনেক কাহিনির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ, মার্ক বাউচার, জ্যাক ক্যালিস আর এ বি ডি ভিলিয়ার্স দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতেন বলেও দাবি করেছেন গিবস। ওয়েবসাইট।