গিলক্রিস্ট হতে চান ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম লক্ষ্য ওয়ানডে দলে জায়গা পাকা করা। দ্বিতীয় লক্ষ্য বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া। তৃতীয় ও সবচেয়ে বড় লক্ষ্য—অ্যাডাম গিলক্রিস্ট হওয়া। গিলক্রিস্টের মতো ম্যাচ উইনার হতে চান ডেভিড ওয়ার্নার।দুজনের মিল অনেক। গিলক্রিস্টের মতো ওয়ার্নারও বাঁহাতি, সীমিত ওভারের ক্রিকেটে ওপেন করেন এবং দুজনের ব্যাটিংয়েরই শেষ কথা ‘আক্রমণ।’ আক্রমণাত্মক ক্রিকেট খেলেই সব ধরনের ক্রিকেট মাতিয়েছেন গিলক্রিস্ট। তবে ওয়ার্নারের জগৎটা সীমাবদ্ধ শুধু টি-টোয়েন্টিতেই। ১৮৭৭ সালের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার আগেই আন্তর্জাতিক অভিষেক তাঁর। গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ বলে ৮৯ করে টি-টোয়েন্টি অভিষেক, ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই করেছিলেন ৬০ বলে ৬৯। তবে এর পর থেকে টি-টোয়েন্টিতে প্রথম পছন্দ হলেও ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন বারবার।প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন মাত্র চারটি, টেস্ট দলে ঢোকার আশা তাই এখনো করতে পারছেন না। তবে ওয়ানডে দলে জায়গা পাকা করার সুযোগ পাচ্ছেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে। নিয়মিত দুই ওপেনার শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিন নেই, সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ওয়ানডে দলে। এ ক্ষেত্রে আদর্শ মানছেন বিখ্যাত পূর্বসূরিকে, ‘আমি নিজেকে গিলক্রিস্টের মতোই মনে করি, মাঠে নেমে তাঁকে অনুকরণ করার চেষ্টা করি। তিনি ছিলেন দারুণ আক্রমণাত্মক। হয়তো প্রতি পাঁচ ইনিংসের একটিতে সফল হতেন, কিন্তু যেদিন সফল হতেন ম্যাচের চেহারা বদলে যেত। সবাই ম্যাচের আগে বলত, আমাদের গিলক্রিস্টকে আউট করতে হবে। না হলে ও ১০ ওভারে ১০০ রান তুলে ফেলবে। আমিও এমন ব্যাটসম্যান হতে চাই, যার প্রভাব থাকবে ব্যাপক। আমি চাই, ম্যাচের আগে প্রতিপক্ষ আমাকে নিয়েও ভাবুক।’গিলক্রিস্ট হওয়ার পথে কীভাবে এগোবেন, এটাও ঠিক করে ফেলেছেন ওয়ার্নার। আক্রমণাত্মক ব্যাটিং করতে চান, তবে ধুমধাড়াক্কা নয়, ‘আগে সব সময়ই একই গতিতে ব্যাটিং করে যেতে চাইতাম। তবে এ জায়গাটায় আমি এখন অনেক পরিণত, এখন পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলতে শিখেছি। খেলার ধরন খুব একটা পাল্টাবে না, তবে প্রতি বলেই হাঁকাতে চাইব না। আমার হাতে ৫০ ওভার আছে, ২০ ওভার নয়। আমি মনে করি, ৫০ ওভারের ম্যাচ খেলার জন্য আমি এখন পরিণত।’বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেসে যাওয়ায় ওয়ার্নারের হাতে আছে এখন দুই ম্যাচ। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচ আগামীকাল। ওয়েবসাইট।