মাঠের ভেতরে আচরণ আগ্রাসী। আম্পায়ারের সিদ্ধান্তকে হাসিমুখে মেনে নেওয়ার পাত্র নন তাঁরা। মাঠ আর মাঠের বাইরে বিতর্কই যাদের সঙ্গী, সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের যেন নতুন করে পরিচয় করিয়ে দিলেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষকের নতুন দৃষ্টান্ত স্থাপনের ঘটনাটি ২০০৩ সালের বিশ্বকাপে।অরবিন্দ ডি সিলভার অফস্পিন বলকে সুইপ করার চেষ্টা করেছিলেন গিলক্রিস্ট। বল চলে যায় উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার হাতে। ক্যাচ আউটের আবেদন জানিয়েছিলেন সাঙ্গাকারাসহ শ্রীলঙ্কার ফিল্ডাররা। তাত্ক্ষণিকভাবে আবেদনে সাড়া দেননি আম্পায়ার রুডি কোয়ের্তজেন। আম্পায়ারকে আউট দিতে না দেখে গিলক্রিস্ট নিজেই হাঁটেন প্যাভিলিয়নের দিকে! আম্পায়ার আউট ঘোষণা না করলেও ব্যাটসম্যান নিজেই নিজেকে আউট ঘোষণা করেছেন। সতীর্থ ম্যাথু হেইডেন তো বটেই, বিস্ময়ে চোখ ছানাবড়া হওয়ার মতো অবস্থা লঙ্কান ফিল্ডারদেরও!অবাক লাগাটই স্বাভাবিক। কিন্তু এ ঘটনায় ‘স্পোর্টসম্যানশিপের’ অনন্য দৃষ্টান্ত হয়ে রইলেন গিলক্রিস্ট। আম্পায়ার বুঝতে পারেননি। কিন্তু ব্যাটসম্যান গিলক্রিস্ট নিজে জানেন, বল তাঁর ব্যাট স্পর্শ করে সরাসরি সাঙ্গাকারার হাতে যায়। ক্যাচ আউট হওয়ার পরও ব্যাট করার মতো অনৈতিক কাজ করতে চাননি গিলক্রিস্ট।ফাইনালে ওঠার লড়াই। এ ম্যাচে হারলেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাত্। এমন কঠিন ম্যাচে উদ্বোধনী আর দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান গিলক্রিস্টের নিজ থেকে উইকেট ছেড়ে আসার সিদ্ধান্তে হয়তো সাময়িকভাবে অখুশি হয়েছিলেন অস্ট্রেলিয়ানরা। কিন্তু গিলক্রিস্টের সততার পুরস্কারটা ঠিকই পেয়েছে তাঁর দল। ওই ম্যাচে অস্ট্রেলিয়া জয় পায় ৪৮ রানে। অস্ট্রেলিয়ার ঘরে ওঠে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপাও।