গিলক্রিস্টের শেষটায় 'গ্যাংনাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেটের পেছনে চিরবিশ্বস্ত। দুর্দান্ত সব ক্যাচ, বিদ্যুৎগতিতে স্টাম্পিং। উইকেটের সামনে প্রতিপক্ষের আতঙ্ক, বোলারদের যম। ব্যাট হাতে রুদ্রমূর্তি। অধিনায়কের যোগ্য সহকারী। রিকি পন্টিংয়ের চোট-বিশ্রামের ফাঁকে দেখিয়েছেন নেতৃত্বগুণের ঝলকও। প্রথম আইপিএলে তলানিতে থাকা ডেকান চার্জার্সকে পরের বছরই শিরোপা জিতিয়েছেন নেতৃত্ব দিয়ে। কথাবার্তা-আচরণে বরাবরই মার্জিত, মাঠের ভেতরে-বাইরে নিপাট ভদ্রলোক। বিশ্বকাপ সেমিফাইনালে ব্যাট-প্যাড ক্যাচ দিয়ে আম্পায়ার আঙুল না তুললেও ‘ওয়াক’ করতে পারেন। হতাশায় ভেঙে না পড়া বা লাগাম পরানো উচ্ছ্বাস। কত রূপেই না দেখা গেছে অ্যাডাম গিলক্রিস্টকে। কিন্তু পেশাদার ক্যারিয়ারের শেষ দিনটির শেষ ক্ষণে যেভাবে দেখা গেল, এমন গিলক্রিস্টকে দেখা যায়নি আর কখনো!

পরশু ধর্মশালায় গ্যাংনাম নাচলেন গিলক্রিস্ট। ক্রিস গেইলের গ্যাংনাম নয়, হরভজন সিংয়ের ‘পাঞ্জাবি গ্যাংনাম’। হঠাৎই বুঝি মনে পড়ে গেল কাইরন পোলার্ডের কথা। পোলার্ডের মতো হাত ঘুরিয়ে, আঙুল উঁচিয়ে দৌড়ালেন সারা মাঠ! এই বাঁধনহারা গিলক্রিস্টকে দেখার সুযোগ করে দিল একটি উইকেট। জয়ের জন্য শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ানসের প্রয়োজন ছিল ৫১। কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক কিপিং প্যাড-গ্লাভস খুলে হাতে তুলে নিলেন বল, কিপিংয়ে পাঠালেন প্রাভিন কুমারকে। স্ট্রাইকে তখন হরভজন, যাঁর অফ স্পিনে আন্তর্জাতিক ক্যারিয়ারেই ১১ বার আউট হয়েছেন গিলক্রিস্ট। গিলক্রিস্টও করলেন অফ ব্রেক, একটু টেনে। হরভজন মারলেন উঁচু করে, লং অনে ক্যাচ নিয়ে হাসতে হাসতেই বাঁচেন না গুরকিরাত সিং। ২০ বছরের ক্যারিয়ারে গিলক্রিস্টের প্রথম উইকেট, ক্যারিয়ারের শেষ বলে!

বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের দাবিদার হয়ে ওঠা ধর্মশালায় পাঞ্জাব সতীর্থরা এই কিংবদন্তিকে সম্মান জানালেন কাঁধে তুলে মাঠ প্রদক্ষিণ করে। পরে গিলক্রিস্ট হাসিমুখে বললেন, ‘হরভজন আমাকে বহুবার আউট করেছে, ওকে আউট করে তাই একটু মজা করলাম। ড্যারেন স্যামির কথা চট করে মাথায় আসেনি, নাহলে ওর উদ্যাপনটাও (শিশু উদ্যাপন) করে দেখাতাম।’

পরশুর আগে স্বীকৃত ক্রিকেটে আর একবারই বল হাতে নিয়েছিলেন গিলক্রিস্ট। ১৯৯৫ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন ‘ইয়াং অস্ট্রেলিয়ার’ হয়ে। স্টুয়ার্ট ল-র নেতৃত্বে দলটায় ছিলেন পন্টিং-হেইডেন-এলিয়টরাও। ওই সফরেই লিস্টারশায়ারের বিপক্ষে একটি ৪০ ওভারের ম্যাচে ২ ওভার বোলিং করে ১০ রান দিয়েছিলেন। লিস্টারের ওই দলে ছিলেন হানসি ক্রনিয়ে। ওই ম্যাচের ১৮ বছর পর বল হাতে নিলেন পরশু!

৬৪৮ নম্বর ম্যাচে এসে প্রথম উইকেট। তবে প্রথম উইকেটের জন্য অপেক্ষার রেকর্ড এটিও নয়। রেকর্ড কোনটি বলা মুশকিল, ক্রিকেটের প্রথম দিককার অনেক পরিসংখ্যানই নেই। তবে কয়েকজনের কথা বলা যেতে পারে। ১৯১০ থেকে ১৯২৬ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৬টি টেস্ট খেলা বার্ট স্ট্রাডউইক ক্যারিয়ারের একমাত্র উইকেটটি পেয়েছেন ৫৪৯তম ম্যাচে। সেই উইকেটটিও বেশ মজার। ১৯২৫ সালে এমসিসির হয়ে ব্রিসবেনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে টিচ ফ্রিম্যানের বলে স্টাম্পিং করেন রন ওক্সেনহামকে। পরের ইনিংসে সেই ওক্সেনহামকেই আউট করেন বল হাতে, স্টাম্পিং করেছিলেন ফ্রিম্যান!

৯৪৬ ম্যাচের ক্যারিয়ারে জ্যাক রাসেলের উইকেট একটিই। তবে সেটি ক্যারিয়ারের মাঝামাঝি, সেটি তাঁর কততম ম্যাচ বলার জো নেই। তবে অপেক্ষার ক্যাটাগরিতে বব টেলরকে ‘জয়ী’ ঘোষণা করায় খুব একটা ঝুঁকি বোধ হয় নেই। একমাত্র উইকেটটি পেয়েছিলেন নিজের ৯৪৯তম ম্যাচে! বলা বাহুল্য, গিলক্রিস্টের মতো তাঁরা সবাই উইকেটকিপার।

তবে এসব সংখ্যা-টংখ্যা স্রেফ পরিসংখ্যানের নিমিত্ত। ওই উইকেট আর গিলক্রিস্টের উদ্যাপন হয়ে থাকল তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতীকী। ক্রিকেট-দর্শনে বিনোদনই ছিল যাঁর শেষ কথা, তাঁর শেষটাতেও থাকল বিনোদন!