গুজরাট, না রাজস্থান—আইপিএল জিতবে কোন দল?

গুজরাট না রাজস্থান, আইপিএলে চ্যাম্পিয়ন হবে কারা?ছবি: আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দল অভিষেকেই উঠে গেছে আইপিএলের ফাইনালে। আরেক দল ফাইনালে উঠেছে ১৪ বছর পর। আহমেদাবাদে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় শুরু ১৫তম আইপিএলের ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস।

এবারই প্রথম আইপিএলে খেলছে গুজরাট টাইটানস। দুর্দান্ত খেলেই লিগ পর্বটা সবার ওপরে থেকে শেষ করেছিল হার্দিক পান্ডিয়ার দল। কম যায়নি রাজস্থান রয়্যালসও। সঞ্জু স্যামসনের দল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকেই লিগ পর্ব শেষ করেছিল।

তবে মুখোমুখি হওয়া দুই ম্যাচেই গুজরাটের কাছে হেরেছে রাজস্থান। লিগ পর্বে নাবি মুম্বাইয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৫২ বলের ৮৭ রানে ইনিংস গুজরাটকে এনে দেয় ১৯২ রান। রান তাড়ায় জস বাটলারের (২৪ বলে ৫৪) বিস্ফোরক ব্যাটিংয়ের পরও ১৫৫ রানের বেশি করতে পারেনি রাজস্থান।

আরও পড়ুন
রাজস্থানের ভরসা জস বাটলারের ব্যাটিং
ছবি: আইপিএল

দুই দলের আবার দেখা হয় প্রথম কোয়ালিফায়ারে। কলকাতার ইডেন গার্ডেনের সেই ম্যাচে ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে জিতে ফাইনাল নিশ্চিত করে গুজরাট। বাটলারের ৮৯ রানে (৫৬ বল) ভর করে ১৮৮ রান করেছিল রাজস্থান। মিলার-ঝড়ে (৩৮ বলে অপরাজিত ৬৮) রানটা ৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় গুজরাট।

আজ ফাইনালে তৃতীয় দেখাতেও কি পুনরাবৃত্তি হবে প্রথম দুই ম্যাচের ফল, অভিষেকেই চ্যাম্পিয়ন হবে গুজরাট? নাকি তৃতীয় চেষ্টায় গুজরাটকে হারিয়ে ১৪ বছর পর আবার শিরোপার উৎসবে মেতে প্রয়াত শেন ওয়ার্নকে স্মরণ করবে রাজস্থান?

পাঠক, আইপিএলে ফাইনালে কোন দল জিতবে বলে মনে করেন আপনি? ভোট দিয়ে জানাতে পারেন আপনার মত।