গুঞ্জন উড়িয়ে দিলেন রোবেন

বায়ার্ন মিউনিখে আর নয়, মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন আরিয়েন রোবেন—গণমাধ্যমে গুঞ্জন এমনটাই। তবে আজ মঙ্গলবার এই গুঞ্জন উড়িয়ে দিলেন রোবেন।
‘এসব গুঞ্জনে কান দিচ্ছি না আমি। অনেক গুঞ্জন হয়েছে। তবে আমি শুধু ফুটবল নিয়ে ভাবতে চাই।’ বার্লিনে আজ সাংবাদিকদের বলেছেন রোবেন।
ডাচ উইঙ্গার বলেন, ‘বায়ার্নের সঙ্গে আমার আরও দুই বছরের চুক্তি রয়েছে। কেন আমি ক্লাব ছেড়ে অন্য কোথাও যাব? নিজের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছি, বায়ার্নের হয়ে অবদান রাখতে পারি আমি।’
২০০৯ সাল থেকে বায়ার্নের সঙ্গে আছেন রোবেন। এর আগে তিনি খেলেছেন চেলসি ও রিয়াল মাদ্রিদের হয়ে। চলতি মৌসুমের গোড়ার দিকে বায়ার্নে সময়টা ভালো কাটছিল না রোবেনের। তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনের শুরুটা তখনই। অবশ্য গত কয়েক মাসে নিজের ফর্ম ফিরে পেয়েছেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।
আগামী ২৫ মে চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামবে বায়ার্ন। প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। এখন শুধু ওই ম্যাচ নিয়েই ভাবছেন বলে জানিয়েছেন রোবেন, ‘গত কয়েক মাসে আমাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু আমি শুধু বায়ার্নকে নিয়ে ভেবেছি। আমরা ২৫ মে শিরোপা জিততে চাই। এখন শুধু এটা নিয়েই ভাবছি।’