গুঞ্জন উড়িয়ে দিলেন পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়টা আসলে সোয়ানের। অবসর ঘোষণার পর ইংলিশ সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে সোয়ান বলেছিলেন, ‘এখন খেলছে এমন কেউ কেউ নিজেরাও জানে না, ওরা নিজেদের কত বড় মনে করে। এটাই একদিন তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে।’ ব্যস, সংবাদমাধ্যম সেই ‘কেউ কেউ’ হিসেবে বেছে নিল কেভিন পিটারসেনকে। হয়তো সোয়ানের সঙ্গে তাঁর এক সময়ের কথিত শীতল সম্পর্ক, কিংবা পিটারসেনের ‘দাম্ভিক’ ভাবমূর্তির কারণে। পরে অবশ্য ব্রিটিশ ট্যাবলয়েড সান-এ নিজের কলামে ব্যাপারটা স্পষ্ট করেছিলেন সোয়ান, ‘আমি পিটারসেন কিংবা অন্য কোনো ইংল্যান্ড খেলোয়াড় সম্পর্কে কথাটা বলিনি। আমি বিশ্বের অন্যান্য অনেক খেলোয়াড় সম্পর্কে বলেছিলাম। আমি মনে করি যারা নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন নয় তারা দেশের জার্সি পরারও যোগ্য নয়।’
তবে সোয়ানের এই ব্যাখ্যার পরেও সাংবাদিকদের প্রশ্নবাণ থেকে রেহাই মেলেনি পিটারসেনের। আসলেই তিনি অবসরের কথা ভাবছেন কি না এমন প্রশ্নে তাই কিছুটা বিরক্ত পিটারসেন, ‘আমার বয়স ৩৩ বছর এবং আমি যেকোনো সময়ের চেয়ে এখন ভালো ব্যাট করছি। যখন মনে করব ইংল্যান্ডের হয়ে আর খেলার মতো অবস্থায় নেই, তখনই অবসর নেব। কিন্তু এই মুহূর্তে আমি খুবই ভালো করছি।’
মাঠের পারফরম্যান্স অবশ্য অন্য কথা বলছে। এবারের অ্যাশেজে এখন পর্যন্ত তিন ম্যাচে পিটারসেনের রান ১৬৫, গড়টাও (২৭.৫) তাঁর ক্যারিয়ার গড়ের (৪৭.৬৪) চেয়ে অনেক কম। এ বছর ১০ টেস্ট খেলে এখন পর্যন্ত ৩৩.৫৭ গড়ে করেছেন সাকল্যে ৬৩৮ রান। ‘বোকা’র মতো ব্যাট করার জন্য পিটারসেনকে দল থেকে বাদ দেওয়ার কথা সরাসরিই বলেছিলেন সাবেক ইংলিশ ওপেনার জিওফ বয়কট। জবাবে পূর্বসূরিকে কোনো কটূক্তি না করলেও কথাটা যে মোটেও পছন্দ হয়নি, তা আভাসে ভালোই বুঝিয়ে দিয়েছেন পিটারসেন, ‘ইংল্যান্ডের জন্য বয়কট যা করেছেন সে কারণে আমি তাঁকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি যেভাবে খেলতেন আর আমি যেভাবে খেলি—দুটি সম্পূর্ণ আলাদা।’ এএফপি, ওয়েবসাইট।