গুঞ্জন ও তাঁর নতুন চুক্তি

বার্সেলোনা একের পর এক বিবৃতি দিয়েও এখন লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জন থামাতে পারছে না। এবার যেমন খবর, বার্সেলোনাই নাকি মেসিকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে!
এই গুঞ্জনের অবশ্য অন্যরকম একটা ভিত্তিও আছে। সম্প্রতি মেসি যেন বার্সেলোনার দুঃসময়ের প্রতীক হয়ে উঠেছেন! অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকেই ছিটকে পড়া, গ্রানাডার কাছে হেরে (১-০) লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়া, কোপা ডেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হার (২-১)। সবগুলো ম্যাচেই মেসি ছিলেন নিজের ছায়া। এমন প্রশ্নও উঠেছে, তবে কি মেসি সেরাটা দিয়ে ফেলেছেন?
একদিকে ফর্ম নিয়ে সমালোচনা, অন্যদিকে আছে বেতন-ভাতা বাড়ানোর চাপ। মেসি নিজেরই নাকি বিশ্বাস, নেইমারই এখন বার্সেলোনার সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়! ‘অসুখী’ মেসি তাই ‘সুখী’ হতে চাপ দিয়ে যাচ্ছেন বেতন-ভাতা বাড়ানোর। বার্সেলোনাও ভালো করেই জানে ধরে রাখতে হলে মেসিকে সুখী করতেই হবে। ম্যানচেস্টার সিটির মতো দলগুলো মেসির জন্য টাকার থলে নিয়ে অপেক্ষা করছে। বার্সেলোনা রাজি হলে ফুলেফেঁপে উঠবে তাদের তহবিলও। দুইয়ে মিলিয়ে গণমাধ্যমে খবর, মৌসুম শেষে মেসিকে বিক্রিও করে দিতে পারে বার্সা! এএফপি, ওয়েবসাইট।
তবে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ উড়িয়ে দিয়েছেন গুঞ্জনটা। বার্সা সভাপতি আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মেসি থাকবেন ন্যু-ক্যাম্পেই, ‘প্রশ্নটা নতুন চুক্তির নয়। আমরা তার বর্ধিত চুক্তিটা সংশোধনের প্রস্তাব করেছি, যেটি ২০১৮ পর্যন্ত।’ সমালোচনাকারীদেরও একহাত নিয়েছেন বার্তোমেউ, ‘আমি মনে করি, লোকজন লিও মেসির সঙ্গে অন্যায় করছে। সাম্প্রতিক বছরগুলোতে সে আমাদের অনেক অনেক ট্রফি এনে দিয়েছে। সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং আমাদের কোনো সংশয় নেই, ভবিষ্যতেও সে ক্লাবকে নেতৃত্ব দেবে। সে এখনো তরুণ, বিশ্বের সেরা খেলোয়াড় এবং তার প্রতি আমাদের পুরো আস্থা আছে।’