গুডিসন পার্কে প্রতিশোধ মিশনে ময়েস

গুডিসন পার্কে তাঁর রয়েছে অজস্র স্মৃতি। এভারটনের কোচ হিসেবে কাটিয়েছেন দীর্ঘ ১১টি বছর। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে চলে যাওয়ার পর এই প্রথমবারের মতো পুরোনো স্মৃতির জায়গায় পা রাখতে চলেছেন ডেভিড ময়েস। কিন্তু শঙ্কা রয়েছে সেখানে না আবার বিরূপ অভ্যর্থনার শিকার হতে হয় তাঁকে!
এভারটন ছেড়ে ইতিমধ্যেই খলনায়কে পরিণত হয়েছেন ময়েস। তাঁর প্রতি এভারটন-সমর্থকদের ক্ষোভ আরও বেড়েছে মারুয়ান ফেলাইনিকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে যাওয়ায়। ময়েস যে এভারটন-সমর্থকদের ক্ষোভ নিয়ে বিশেষ চিন্তিত, সেটা প্রমাণিত তাঁর মন্তব্যেই। পুরোনো ক্লাবের সমর্থকদের কাছ থেকে ‘ভালো ব্যবহার’ই প্রত্যাশা করছেন তিনি, ‘আমার মনে হয় সম্মানটা এভারটনের সমর্থকদের কাছ থেকে আমার প্রাপ্য।’
গত বছরের ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনের কাছে হারতে হয়েছিল ময়েসের ইউনাইটেডকে। সেখানে ক্ষুব্ধ এভারটন-সমর্থকদের খিস্তি-খেউড়ে নাজেহাল হয়েছিলেন ইউনাইটেড কোচ। তবে সেটাকে খুব বড় কোনো বিষয় হিসেবে দেখতে চান না তিনি, ‘ও কিছু নয়। এমন ব্যাপার হতেই পারে। ওই সময় খেলোয়াড়ের দলবদল নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। সেটা কেটে গেছে। আমি যা করেছি, সবই আমার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের স্বার্থে করেছি।’
সাধ্যমতো চেষ্টায় এভারচনকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই স্মৃতি বারবারই নাড়া দিচ্ছে তাঁকে, ‘সমর্থকেরা জানেই না কী কঠিন পরিস্থিতিতে ওই সময় আমাকে চলতে হয়েছিল। এভারটনের সীমিত ক্ষমতার মধ্যেই আমরা দলটিকে একটা ভালো দলে পরিণত করার চেষ্টা করেছি।’
গুডিসন পার্কের পরিবেশ নিয়ে বরাবরই সন্তুষ্ট ময়েস, ‘গুডিসনের পরিবেশ সব সময়ই ভালো ছিল। তবে রোববারের ম্যাচে পুরোনো স্মৃতি, আবেগের ব্যাপার-স্যাপার ছাপিয়ে জয় পাওয়াটাই যে মুখ্য হয়ে উঠবে, সেটাও একই সঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি। পুরোনো ক্লাবের বিপক্ষে হিসাব মেটানোর ব্যাপারটা তো থাকছেই। ডিসেম্বরের পরাজয়ের প্রতিশোধটা না হয় আজই হয়ে গেল। এই মৌসুমে যে কিছুই পাননি এই স্কটিশ কোচ। পুরোনো ক্লাব এভারটনের বিপক্ষে একটা জয়ই না হয় পেলেন। ওয়েবসাইট।