প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেম আর যুদ্ধে নাকি অনৈতিক বলে কিছু নেই। আর বিশ্বকাপ তো বিশ্বযুদ্ধই! প্রতিপক্ষের রণকৌশল জানতে তাই কোনো দল যদি কূটকৌশলের আশ্রয় নেয়, দোষ দেওয়া যায় কি? ফরাসি কোচ দিদিয়ের দেশম তবু এটাকে অন্যায় বলেই মনে করছেন। ফ্রান্সের অনুশীলনে নাকি হানা দিচ্ছে গুপ্তচর ড্রোন। দূরনিয়ন্ত্রিত এসব ড্রোনের সাহায্যে নাকি তাঁর দলের অনুশীলনের খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষিপ্ত ফরাসি কোচ তাই ফিফার কাছে বিষয়টি খতিয়ে দেখার আহ্বানও জানিয়েছেন। এমন গুপ্তচরবৃত্তি অন্যায় বলেও মন্তব্য করেছেন দেশম, ‘ইদানীং ড্রোনের ব্যবহার খুবই বেশি হচ্ছে। ফিফা বিষয়টা খতিয়ে দেখছে। আমরা আমাদের গোপনীয়তা অক্ষুণ্ন রাখতে চাই। কিন্তু এখন এসবের বিরুদ্ধে লড়াই চালানোটাও খুব কঠিন হয়ে পড়ছে।’ গত রাতে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে ফ্রান্সের বিশ্বকাপ মিশন। এএফপি।