গুপ্তচরবৃত্তি অতঃপর বরখাস্ত!
প্রতিপক্ষের শক্তিমত্তা-দুর্বলতার খবর জানতে পারলেই নাকি যুদ্ধজয়ের কাজটা সহজ হয়ে যায়। ইতালিয়ান লিগের নিচের সারির ক্লাব জেনোয়ার গোলরক্ষক কোচ লুকা ডি প্রা ঠিক সেই কাজটাই করতে গিয়েছিলেন। নগর প্রতিদ্বন্দ্বী সাম্পাদোরিয়ার মুখোমুখি হওয়ার আগে জেনে নিতে চেয়েছিলেন তাদের রণকৌশল। কিন্তু লুকিয়ে লুকিয়ে প্রতিপক্ষের হাঁড়ির খবর জানতে গিয়েই ধরা খেয়েছেন ইতালিয়ান এই কোচ। ইতিমধ্যে বরখাস্তও করা হয়েছে তাঁকে।
ফুটবল কোচ হলেও ডি প্রার আচরণটা ছিল রীতিমতো সেনাবাহিনীর সদস্যদের মতো। সাম্পাদোরিয়ার অনুশীলন দেখার জন্য মাঠের বাইরে লুকিয়ে ছিলেন প্রায় কমান্ডোদের মতোই। কেউ যেন চিনতে না পারে, সে জন্য সেনাসদস্যদের মতো পোশাকও পরেছিলেন। তাঁকে নাকি দেখাচ্ছিল র্যাম্বোর মতো।
প্রতিপক্ষ কোচের এই গুপ্তচরবৃত্তি হাতেনাতে ধরে ফেলার পর সাম্পাদোরিয়ার পক্ষ থেকে দেওয়া বক্তব্যটাও এসেছে রীতিমতো সামরিক কায়দায়। কিছুটা রসিকতা করেই ক্লাবটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘পাহাড়ের ওপরে গাছপালার মধ্যে র্যাম্বোর মতো লুকিয়ে ছিলেন লুকা ডি প্রা। কিন্তু তিনি সাম্পাদোরিয়ার গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে পারেননি। অবশ্য এ ঘটনায় কাউকে বন্দী হিসেবে রাখা হয়নি। কোনো রক্তপাতও ঘটেনি। অবস্থান শনাক্ত করে হাতেনাতে ধরে ফেলার পর প্রতিপক্ষের সৈন্যকে ফিরে যেতে দেওয়া হয়েছে তার ঘাঁটিতে।’
জেনোয়ার গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেন ডি প্রা। ক্লাবটির সাবেক কোচ জিওভান্নি ডি প্রার নাতি হিসেবেও তিনি শহরে বেশ ভালোই পরিচিত। ফলে ছদ্মবেশ নিলেও তাঁকে চিনতে কষ্ট হয়নি কারও। গুপ্তচরবৃত্তির কথা ক্লাবের কাউকেও অবহিত না করায় বরখাস্ত হতে হয়েছে ডি প্রাকে। রয়টার্স।