গুরু-শিষ্যের কথার লড়াই
গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা নেই। নেই ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ কিংবা বিশ্বের সবচেয়ে সমর্থিত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে কি? ম্যাচটি যখন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা তো থাকবেই। আগামী শনিবার বায়ার্ন মিউনিখ-ইন্টার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়েও তাই উদ্দীপনার কমতি নেই। মাঠের লড়াইয়ের আগে কথার লড়াই শুরু হয়ে গেছে বায়ার্ন-ইন্টারে। বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলানের আড়ালে শনিবার ইউরোপ-সেরার মুকুট পরার লড়াইটা আসলে গুরু আর শিষ্যেরও। লুই ফন গল যখন বার্সেলোনার কোচ ছিলেন, তাঁর সহকারী হিসেবে কাজ করেছেন হোসে মরিনহো। সেই হিসাবে কোচ মরিনহো তো ফন গলের শিষ্যই। কিন্তু লড়াইয়ে নেমে গুরু-শিষ্য কারোর মধ্যেই ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই। এই যেমন ইন্টার মিলানের রক্ষণাত্মক খেলা নিয়ে মরিনহোকে একটা খোঁচা দিয়ে রেখেছেন ফন গল। ‘আমি আমার খেলোয়াড়দের আকর্ষণীয় ফুটবল খেলে জয় পাওয়ার বিষয়টি শেখাই। আর মরিনহো যেকোনো উপায়ে শুধু জয়ই পেতে চায়’—বায়ার্ন কোচ ফন গল ইন্টার মিলানের অতি রক্ষণাত্মক মনোভাবের প্রসঙ্গ টেনে বলেছেন এমন কথাই। সেমিফাইনালে বার্সেলোনাকে ঠেকাতে মরিনহোর ইন্টার মিলান সত্যিই অতি রক্ষণাত্মক ফুটবলই খেলেছে। ফাইনালে বায়ার্নকে আটকাতেও একই কৌশল নেবেন বলে মনে করছেন কেউ কেউ।ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে ইন্টার মিলানের রক্ষণই সেরা বলে মনে করেন অনেকে। আর বায়ার্ন খেলে আক্রমণাত্মক ফুটবল। রিয়াল মাদ্রিদের মাঠে অনুষ্ঠেয় ফাইনালটা কি তা হলে সুন্দর আর রক্ষণাত্মক ফুটবলের লড়াই-ই হতে চলেছে? এই লড়াই শুরুর আগেই একটু ব্যাকফুটে বায়ার্ন। জার্মানির এই ক্লাবটিকে ফাইনালে তাদের মূল দুই খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি আর আরিয়েন রোবেনকে ছাড়াই নামতে হতে পারে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রিবেরি। আর রোবেনের সমস্যা ইনজুরি। তবে বায়ার্নের ডাচ কোচ ফন গল এতে খুব একটা ভাবিত নন বলেই দাবি করলেন, ‘আমরা শুধু রিবেরি বা রোবেনের ওপর নির্ভরশীল নই। আপনারা সাংবাদিকেরা এটা বলেন, কিন্তু আমি তা মনে করি না।’মনস্তাত্ত্বিক লড়াইয়ে গুরুকে হারাতে রিবেরির এই নিষেধাজ্ঞার বিষয়টিকেই পুঁজি করেছেন মরিনহো। কাটা ঘায়ে নুনের ছিটা দিতেই রিবেরির নিষেধাজ্ঞার বিরুদ্ধে বায়ার্নের আপিল নিয়ে খোঁটা দিয়েছেন মরিনহো, ‘অদ্ভুত ব্যাপার। সবাই জানে সে কেন লাল কার্ড দেখেছে। আমাদের থিয়াগো মোত্তাও তো লাল কার্ড দেখেছে। কিন্তু আমরা আপিল করিনি, কারণ আমরা খেলার নিয়মকানুন জানি। বুঝতে পারছি না বায়ার্ন কেন আপিল করল। তা করুক, আমরা আমাদের নিয়েই ভাবছি।’ এএফপি, ওয়েবসাইট।