গুরু-শিষ্যের লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাজিয়া স্পোর্টিংয়ে খেলছেন কারা? আবাহনী কোচ দ্রাগো মামিচের হাতে দেওয়া হলো অতিথি দলটির খেলোয়াড় তালিকা। সেটি দেখে মামিচ যেন ফিরে গেলেন অতীতে। বলতে শুরু করলেন সামদো মোহাম্মদ, আবদুল্লাহ আসাদুল্লাহ, মোহামেদ হুসেইন নিয়াজরা তাঁর কতখানি প্রিয় ছিলেন।  এএফসি কাপে খেলতে আসা মাজিয়ার আট ফুটবলার—আলী সামোহ, আলী আসহাদ, উমের মোহামেদ, আমদান আলী, ইমাজ আহমেদ, নিয়াজ, আসাদুল্লাহ ও সামদো খেলছেন মালদ্বীপ জাতীয় দলে। ২০১৪ সালে এই দলেরই কোচ ছিলেন আবাহনীর বর্তমান কোচ মামিচ। প্রিয় শিষ্যদের আবারও দেখতে পেয়ে ভীষণ খুশি। ‘কারও সঙ্গে কি এবার কথা হয়েছে’—প্রশ্নটা করতেই মামিচের হাসিমাখা উত্তর, ‘ওরা হয়তো সুযোগ পায়নি। তবে নিশ্চয়ই দেখা হবে।’ কাল অবশ্য মামিচের সঙ্গে আসাদুল্লাহর দেখা হওয়ার সুযোগ ছিল সংবাদ সম্মেলনে। কিন্তু যানজটে পড়ে নির্ধারিত সময়ের চেয়ে মিনিট দশেক পরে বাফুফের সম্মেলনকক্ষে ঢোকেন মামিচ। ততক্ষণে ভবন ছেড়ে বেরিয়ে গেছেন আবদুল্লাহ।