গুরু-শিষ্যের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় যাঁর কাছে ফুটবল দীক্ষা নিয়েছেন তাঁর সঙ্গেই লড়াই! তবে পেশির লড়াই নয়, এ লড়াই শুধুই ফুটবলের। গুরু-শিষ্য দুজনেই দুই দলের কোচ। একজন আইভরিকোস্টের, অন্যজন বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিলের। গুরু-শিষ্যের লড়াই দেখার অপেক্ষা খুব একটা দীর্ঘ হবে না ফুটবলপ্রেমীদের। কালই সভেন গোরান এরিকসন ও কার্লোস দুঙ্গার লড়াইটা হয়ে যাবে।১৯৮৮-৮৯ সালের কথা। আইভরিকোস্টের বর্তমান কোচ এরিকসন তখন ফিওরেন্টিনার কোচ। সেখানেই শিষ্য হিসেবে তরুণ দুঙ্গাকে পেয়েছিলেন তিনি। কীভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়, প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিতে হয়, তা দুঙ্গাকে নিজ হাতে শিখিয়েছেন এরিকসন। সময় গড়িয়েছে। দুঙ্গা এখন আর কারও শিষ্য নন, নিজেই ফুটবল দীক্ষা দিচ্ছেন বর্তমান সময়ের সেরা তারকাদের অন্যতম কাকা-রবিনহোদের। ফুটবলার হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিয়েছেন। এবার অপেক্ষায় আছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে আরেকটি শিরোপা এনে দেওয়ার।গুরু এরিকসনের চেয়ে এখন অনেক এগিয়ে দুঙ্গা। এরিকসনের দলের দ্বিতীয় রাউন্ডে ওঠাই যখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তখন এসব নিয়ে ভাবছেই না দুঙ্গার ব্রাজিল। তাদের লক্ষ্য অনেক দূরে। তার পরও ফুটবল অনিশ্চয়তার খেলা। শক্তির বিচারে পিছিয়ে থাকলেও দ্রগবা-জাদুতে ব্রাজিলকে হারানোর স্বপ্ন দেখতেই পারেন এরিকসন। কিন্তু দুঙ্গাকে অনেক কাছে থেকে দেখেছেন বলে তাঁর সম্পর্কে ভালোই ধারণা আছে আইভরিকোস্টের কোচের। দুঙ্গার লড়াক মানসিকতা তৈরি ক্ষেত্রে তাঁর চেষ্টার তো কমতি ছিল না! নিজের হাতে গড়া দুঙ্গার বিপক্ষেই লড়াইয়ে নামতে হচ্ছে এরিকসনকে।শিষ্য দুঙ্গার প্রশংসা করে এরিকসন রয়টার্সকে বলছেন, ‘একজন ফুটবলার হিসেবে সবকিছুই জানা আছে দুঙ্গার। সে অসাধারণ। আমার দেখা ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা সে। দুঙ্গা একই সঙ্গে রক্ষণাত্মক ও লড়াকু মানসিকতার।’ প্রতিপক্ষের কোচ সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেই থামেননি এরিকসন। জানিয়ে দিয়েছেন, দুঙ্গার দলকে হারানোর সামর্থ্য আইভরিকোস্টের আছে। এরিকসন বলছেন, ‘আইভরিকোস্ট অনেক সংঘবদ্ধ একটি দল। দ্রগবাদের বিপক্ষে গোল করা ব্রাজিলের সহজ হবে না।’ বোঝা যাচ্ছে, শিষ্যের সঙ্গে লড়াইয়ের আগে বেশ আত্মবিশ্বাসী গুরু এরিকসন।