গুরু-শিষ্যের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তোস থেকে এসে ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারটি তখন ইতালিয়ান লিগের নিচু সারির দল পিসাতে খেলছে। ছেলেটির দিকে নজর পড়ল ফিওরেন্টিনা কোচ সভেন গোরান এরিকসনের। পরের মৌসুমেই দলে ভেড়ালেন ছেলেটিকে।বেশ কিছুদিন একসঙ্গে কাজ করেছেন। বড় কিছু জিততে না পারলেও এরিকসন তখনই অনুমান করেছিলেন, এই মিডফিল্ডারের মধ্যে আছে ‘ফুটবল নেতৃত্বের’ গুণ। অক্ষরে অক্ষরে ফলে গেছে এরিকসনের অনুমান। অধিনায়কত্ব করে ব্রাজিলকে একটি বিশ্বকাপ জেতানো সেদিনের সেই ছেলেটি আজ এরিকসনের প্রতিদ্বন্দ্বী কোচ হয়ে হাজির বিশ্বকাপে—ছেলেটির নাম কার্লোস দুঙ্গা।এক অর্থে আজ ব্রাজিল-আইভরিকোস্ট লড়াইটি দুই কোচের গুরু-শিষ্যের লড়াইও বটে। যে এরিকসনের অধীনে নিজেকে ইউরোপিয়ান ফুটবলে প্রতিষ্ঠিত করেছিলেন, আজ তাঁরই প্রবল প্রতিপক্ষ দুঙ্গা। হতে পারেন এরিকসন এককালের গুরু, কিন্তু দলের ওজনের দিক থেকে দুঙ্গা এখন যোজন যোজন এগিয়ে। ফিওরেন্টিনার সেই দুঙ্গাকে ছাপিয়ে ১৯৯৪ সালে দুঙ্গা হয়ে উঠেছিলেন ‘নতুন ব্রাজিলের’ প্রতীক। বদলে যাওয়া ব্রাজিলকে নিয়ে ২৪ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতে এনে দিয়েছিলেন লাতিন দলটিকে।খেলোয়াড় হিসেবে যেমন, কোচ হিসেবেও তেমন সাফল্য পেয়েছেন দুই হাত ভরে। ২০০৬ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর শত সমালোচনার মধ্যেও ব্রাজিলকে জিতিয়েছেন একটি কোপা আমেরিকা ও একটি কনফেডারেশন্স কাপ শিরোপা। ফিওরেন্টিনা পর্বের পর এরিকসনের জীবনেও অনেক পালাবদল, চড়াই-উতরাই এসেছে। ইংল্যান্ডের কোচ হয়ে গিয়েছিলেন ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে। দুবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। এরপর ছিলেন মেক্সিকোর কোচ। বাছাইপর্বে ব্যর্থতার দায়ে সেই চাকরি হারিয়েছেন। একেবারে বিস্ময়করভাবে বিশ্বকাপের আগে আগে দায়িত্ব পেয়েছেন আইভরিকোস্টের। আর তাতেই মিলে গেল এই দৈবযোগ—সাক্ষাৎ হয়ে গেল শিষ্যের সঙ্গে। এরিকসনের কথা শুনলে অবশ্য মনে হবে, দুঙ্গাকে যে একসময় তিনি শিষ্য হিসেবে পেয়েছিলেন, এটাই তাঁর গর্ব। আজ শিষ্যের দলের বিপক্ষে দল নামানোর আগে বলছেন, তাঁর খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা ছিলেন এই দুঙ্গা, ‘প্রতিপক্ষ কোচ ভদ্রলোককে আমি ভালোই চিনি। আমি তাকে ফিওরেন্টিনায় নিয়ে এসেছিলাম। ওখানে তাকে বছরখানেক দলেও পেয়েছি। সে খেলোয়াড় থাকা অবস্থাতেই, ফুটবলের খুঁটিনাটি কৌশলগত দিক খুব ভালো বুঝত। আমার জীবনে পাওয়া সেরা খেলোয়াড়দের একজন বলতে পারেন। ডিফেন্স বলুন আর আক্রমণ; ওর সবই অসাধারণ ছিল।’শিষ্যের প্রশংসা করতে কার না ভালো লাগে। কিন্তু শিষ্য যখন এমন ‘শত্রু’তে পরিণত হন? না, এই সময়ে এসে আর দুঙ্গার কাজটা সহজ করে দিতে রাজি নন এরিকসন। প্রচ্ছন্ন হুমকি দিয়ে দিলেন বিশ্বসেরা ব্রাজিলের জন্যও কঠিন হবে আইভরিকোস্টের বিপক্ষে গোল করা, ‘আইভরিকোস্ট খুবই গোছালো একটা দল। তাদের বিপক্ষে গোল করাটা সহজ হবে না।’সাবেক গুরু সম্পর্কে দুঙ্গা কী ভাবছেন কে জানে। তবে ফিওরেন্টিনা সম্পর্কে বিশ্বকাপজয়ী অধিনায়কের আবেগটা খুবই টনটনে। এমনও শোনা যাচ্ছে, বিশ্বকাপ শেষে দুঙ্গা আবার ফিওরেন্টিনার কোচের দায়িত্ব নিতে পারেন। কিন্তু এসব আবেগের মূল্য বিশ্বকাপে তো থাকতে নেই!আর আবেগ কীভাবে চেপে রাখতে হয়, তা দুঙ্গার চেয়ে ভালো খুব কম লোকই জানেন! রয়টার্স, ওয়েবসাইট।