প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভাক জোকোভিচ ভক্তরা স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। সবই গুজব ছিল! সার্বিয়ান টেনিস তারকা নিজেই স্বীকার করেছেন, ফর্মে ফিরতে ‘আধ্যাত্মিক গুরু’র শরণ তিনি নিচ্ছেন না। ঝামেলাটা চলতি প্যারিস মাস্টার্সের। দুই কোচ বরিস বেকার ও মারিয়ান ভাইদার বদলে বিশ্বের এক নম্বর তারকার ‘প্লেয়ার্স বক্সে’ দেখা যাচ্ছে পেপে ইমাজ নামের এক ব্যক্তিকে। স্পেনের মারবেয়ায় যাঁর টেনিস একাডেমিতে খেলোয়াড়ের অনুভূতিকে প্রাধান্য দিয়ে টেনিস শেখানো হয়। এ কারণেই গুঞ্জন, জুনে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর থেকে ফর্ম হারানো ‘জোকার’ তাহলে গুরুর শরণ নিচ্ছেন? জোকোভিচ অবশ্য উড়িয়ে দিলেন ব্যাপারটিকে, ‘সে একজন গুরু, এটি কোত্থেকে শুনেছেন, তা-ই আমি জানি না। সে তো আমার ভাইয়ের কোচিং দলের অংশ অনেক দিন ধরে।’ এএফপি।