গুরুতর নয় মাশরাফির চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলিং করে ফলো থ্রুতে সামনের দিকে দুর্দান্ত একটি ডাইভিং ক্যাচে ফেরালেন মুমিনুলকে। মনে হলো একটু ব্যথাও পেলেন পায়ে। তবে ওই ওভার বোলিং করলেন, পরে করলেন আরও এক ওভার। মনে হচ্ছিল, সমস্যা নেই। কিন্তু ম্যাচের শেষ বলে ফিল্ডিংয়ে নাসির হোসেনের শট ফেরাতে গিয়ে আবারও ব্যথা পেলেন ডান হাঁটুতে। মাশরাফি মুর্তজা বলেই শঙ্কা ছিল, ‘আবারও নয় তো?’

মাঠ থেকে বাড়ি ফেরার সময় বলে গেলেন, ‘হালকা ব্যথা আছে। তবে মনে হয় না গুরুতর কিছু, লিগামেন্টে কিছু হয়নি সম্ভবত। তার পরও সকালে বোঝা যাবে।’ সকালটাও সুখবর বয়ে এনেছে মাশরাফির জন্য। অস্বস্তি থাকলেও ব্যথা আর বাড়েনি। কাল সন্ধ্যায় নির্ভার শোনাল তাঁর কণ্ঠ, ‘হালকা অস্বস্তি আছে, তবে তা বড় কিছু নয়। এসব ক্ষেত্রে খারাপ কিছু হলে এতক্ষণে বুঝে ফেলতাম। তেমন কিছু হয়নি নিশ্চিত।’
আজ চ্যালেঞ্জ সিরিজ টি-টোয়েন্টির শেষ ম্যাচ। টিম ম্যানেজমেন্ট বিশ্রামে না রাখলে মাঠে দেখা যেতে পারে মাশরাফিকে।