গুরুদক্ষিণার অপেক্ষায় মারিয়া
হোসে মরিনহোর প্রতি দারুণ কৃতজ্ঞ রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। ২০১০ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে রিয়ালে আসার পেছনে কোচ মরিনহোর আগ্রহই যে মুখ্য ছিল, সেটা স্বীকার করতে এতটুকু সংকোচ নেই তাঁর। মারিয়া বরং অস্বস্তিতে আছেন, মরিনহো যে আগ্রহ নিয়ে তাঁকে দলে ভিড়িয়েছিলেন, সে অনুপাতে তাঁকে সাফল্য উপহার দিতে না পারার কারণে।অ্যাঙ্গেল ডি মারিয়ার মতে, রিয়ালের খেলোয়াড় হিসেবে আজ তাঁর যে নাম-খ্যাতি, তা সবই কোচ হোসে মরিনহোর কারণে। তিনি বলেন, ‘২০১০ সালের বিশ্বকাপের সময় মরিনহো আমাকে রিয়ালে যোগ দেওয়ার কথা বললেন। আমি তখন পর্তুগিজ ক্লাব বেনফিকার খেলোয়াড়। ওই সময়টায় আমি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত ছিলাম।’মারিয়া আরও বলেন, ‘রিয়ালে আমি প্রথম দিকে খুব একটা ভালো করছিলাম না। কিন্তু মরিনহো আমাকে উত্সাহ দিয়ে গেছেন, আমার খেলোয়াড়ি মান উন্নয়নে চেষ্টা চালিয়ে গেছেন। আজ যে আমি মোটামুটি ভালো করছি, সেটা মরিনহোর কারণেই। আমি তাঁকে এর কিছুটাও যদি ফিরিয়ে দিতে পারতাম, তাহলে খুব ভালো লাগত।’রিয়ালের হয়ে প্রথম বছর মারিয়া ও মরিনহো কোপা ডেল রে জিতেছেন। গত মৌসুমে জিতেছেন আরাধ্য স্প্যানিশ লা লিগা। এবার তাঁরা পাখির চোখ করেছেন চ্যাম্পিয়নস লিগকে। সঙ্গে লা লিগার আরও একটি শিরোপা মাদ্রিদে রেখে দিতে পারলে তো রীতিমতো দারুণ ব্যাপার হবে।মারিয়ার প্রত্যাশা, এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপাটার মালিক তাঁরাই হবেন। ওটা মরিনহোকে এনে দিতে পারলে নিজেকে ধন্য মনে করবেন এই আর্জেন্টাইন ফুটবলার। চ্যাম্পিয়নস লিগ মরিনহোকে দিতে পারলে নিজের কৃতজ্ঞতাটুকু প্রদর্শন করা হবে বলে তাঁর ধারণা।এখন অপেক্ষা, অ্যাঙ্গেল ডি মারিয়া তাঁর গুরুদক্ষিণা পরিশোধ করতে পারেন কি না, তা দেখার।