গুরুমারা বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জিও রোমেরো
সার্জিও রোমেরো

ছাত্রকে নাম করতে দেখলে নাকি গর্বে বুক উঁচু হয়ে যায় সব শিক্ষকের। শিষ্যের সাফল্যে তৃপ্তি খুঁজে পান গুরু। কিন্তু নিজের দেওয়া শিক্ষাই গুরুর জন্য হয়ে যায় বুমেরাং, যখন সেটি হয়ে দাঁড়ায় গুরুমারা বিদ্যা!
সেই যন্ত্রণা আর তেতো স্বাদ যথেষ্টই অনুভব করছেন এখন লুই ফন গাল। সার্জিও রোমেরোকে পেনাল্টি ঠেকানোর কায়দা শিখিয়ে দিয়েছিলেন তো তিনিই! ফন গাল তখন এজে আলকমারের কোচ। আর্জেন্টাইন ক্লাব রেসিং থেকে ২০ বছর বয়সী উঠতি গোলকিপারকে ডাচ ক্লাবটিতে নিয়ে এসেছিলেন ফন গালই। আলকমারে খেলেই ইউরোপিয়ান ফুটবলে পরিচিতি পান রোমেরো। জাতীয় দলে জায়গা পাকাও করেন ওই সময়ই। সেই রোমেরো পরশু টাইব্রেকারে দু-দুটি শট ঠেকিয়ে ভেঙে দিলেন ফন গালের হৃদয়। শিষ্যকে শেখানো বিদ্যায় বধ হওয়ার কষ্ট লুকাননি ডাচ কোচ, ‘আমিই রোমেরোকে শিখিয়েছি পেনাল্টি ঠেকাতে। কষ্ট তো লাগছেই...।’
রোমেরো কিন্তু ফন গালকে ভোলেননি। গুরুর প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই। সেমিফাইনালের আগেও সেটা বলেছেন বেশ কবার। আর সেমিফাইনাল-বীরত্বের পর যখন ভাসছেন উচ্ছ্বাসে, তখনো মনে করলেন ফন গালকে, ‘ম্যাচ শেষে হল্যান্ডের ড্রেসিংরুমে গিয়ে আমি তাঁর সঙ্গে দেখা করেছি। তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। আমার জন্য যা কিছু করেছেন উনি, সবকিছুর জন্যই ধন্যবাদ জানিয়েছি আবার।’
এই ‘যা কিছু’ করার মধ্যে পড়েছে আসলে সবকিছুই। শুধু পেনাল্টি ঠেকানো বা ফুটবলীয় শিক্ষা নয়, ফন গালের কাছ থেকে রোমেরো শিখেছেন মাঠের বাইরের জীবনও, ‘ফন গাল এমন একজন, যিনি কিনা খেলোয়াড়দের অনেক কিছু শেখান। কীভাবে গড়ে উঠতে হয়, বেড়ে উঠতে হয়। আমাকে গড়ে উঠতে সহায়তা করেছেন। ২০ বছর বয়সে গিয়েছিলাম হল্যান্ডে। আমাদের থেকে পুরো আলাদা দেশ, আলাদা সংস্কৃতি, ভাষা। সবকিছু আলাদা। তাঁকে তখন আমি সব সময় পাশে পেয়েছি। ভিন্ন একটি দেশে মানিয়ে নিতে সাহায্য করেছেন তিনি। সবকিছু মিলিয়ে যা করেছেন আমার জন্য, আজীবন কৃতজ্ঞ থাকব তাঁর প্রতি।’ এএফপি, ইয়াহু স্পোর্টস।