গুরুর কাছেই সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ যে ১০টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন, তাতে একটি হাফ সেঞ্চুরি পর্যন্ত পাননি। সর্বোচ্চ রান ছিল ৩১। এই ১০ ইনিংসের মধ্যে চারবার দুই অঙ্কই ছুঁতে পারেননি। বলতে পারেন, এই তো মোহাম্মদ আশরাফুল। একটি ফিফটি বা সেঞ্চুরির পর যিনি ৮-১০ ইনিংস ঘুমিয়ে থাকবেন!সেই আশরাফুলের এবারের জাতীয় লিগের ওয়ানডে ইনিংসগুলোতে একবার চোখ বুলোন—৬৩, ৬৬*, ৪০, ১১১*! এর সঙ্গে যোগ করে নিন একমাত্র চার দিনের ম্যাচে সেঞ্চুরিটিকেও। আশরাফুল তাহলে ধারাবাহিক হয়েই গেলেন?শুধু ধারাবাহিকতাই নয়, কাল মিরপুরে তাঁর ব্যাটিং বের করে আনল অন্য আশরাফুলকে—গুটিয়ে যাওয়া ব্যাটিং নয়, আবার পুরোনো দিনের মতো মারকাটারি ব্যাটিংও নয়। ১০৩ বলে অপরাজিত ১১১ রানের যে ইনিংসটি খেললেন, দেখলেই বোঝা যায়, এই ব্যাটসম্যানের আপাতত আত্মবিশ্বাস জিনিসটির কোনো ঘাটতি নেই। একটিবারের জন্যও বোলারকে কোনো সুযোগ দিলেন না, দোনোমনা হয়ে কোনো শট খেললেন না। ইনিংসে সব মিলিয়ে ১২টি চার মারলেন; ছক্কা নেই একটিও! সব মিলিয়ে নিয়ন্ত্রিত আগ্রাসী ব্যাটিংয়ের দারুণ এক প্রদর্শনী।আশরাফুলের এই রূপে ফেরার রহস্য কী? শুধুই কঠোর অনুশীলন আর মনঃসংযোগে এটা সম্ভব! আশরাফুলের এক সতীর্থই হাত উঁচু করে ভিআইপি গ্যালারিতে দাঁড়ানো একটি লোককে দেখিয়ে দিলেন, ‘উনিই সব রহস্যের সমাধান।’কে এই রহস্য সমাধানকারী! তিনি ওয়াহিদুল গনি, আশরাফুলের আদিগুরু। সেই ছোট্টবেলায় এই কোচের কাছে একদিন ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল আশরাফুলের। এরপর আশরাফুল অনেক ওপরে উঠেছেন। কিন্তু গুরুকে ছাড়েননি। যখনই বিপাকে পড়েছেন, কোনো সমস্যায় পড়েছেন, ছুটে গেছেন ওয়াহিদুল গনির কাছে। এবার তাহলে বাড়তি কী হলো?বাড়তিটা হলো, এই প্রথম ওয়াহিদুল গনির অধীনে কোনো দলে খেলছেন আশরাফুল। অভিজ্ঞ কোচ ওয়াহিদ হেসে বললেন, ‘আমি তো ক্লাব ক্রিকেটে কোচিং করাই না। ওকে তাই কোনো দলে পাইনি।’তাহলে এবার আশরাফুল দলের কোচ হিসেবে ওয়াহিদুলকে পেয়েই স্বরূপে ফিরলেন! ওয়াহিদুল আপত্তি করলেন, ‘না। আমি আর কী করলাম! শুধু বলেছি, নিজের মতো খেলে যাও।’কিন্তু শিষ্য যে অন্য কথা বলছেন। ম্যাচ শেষে আশরাফুল বলছিলেন, ‘স্যারের কাছে থাকলে আমার সব সময়ই খুব উপকার হয়, ব্যাটিংয়ে ভালো করতে পারি। আর এবার সুবিধাটা হয়েছে, টানা অনেক দিন স্যারের কাছে থাকছি। এতে আমি খুব আত্মবিশ্বাস পাই।’শুধু এটুকু বলে থেমে গেলে হতো। আশরাফুল তাঁর গুরুর একটা মূল্যায়নও করে ফেলেছেন এই সময়ে, ‘সত্যি বলি, আগে ভাবতাম স্যার শুধু ছোটদের নিয়ে ভালো কাজ করেন। এবার বুঝেছি, স্যার আসলেই আমার দেখা সেরা কোচ। স্যার খেলোয়াড়দের ভেতর থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতে পারেন।’আশরাফুলের ‘সেরা’টা বের করে আনার জন্যই একজন মানুষ বিশেষ বাহবা পেতে পারেন।