গুল-চিমারাও আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোর কার্ড সত্যিটা বলবে, আবার বলবেও না। অনুমিতভাবেই সফলতম বোলার দুই স্পিনার। স্পিন ত্রয়ীর তৃতীয়জন, মোহাম্মদ হাফিজ সবার আগে শুরু করে উইকেট পাননি। তবে সাঈদ আজমল ও আবদুর রেহমান নিয়েছেন ৩টি করে উইকেট। ওই স্কোর কার্ডেই আবার দেখা যাবে, পাকিস্তানের দুই পেসার দুটি করে উইকেট পেলেও চারটি উইকেটই বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের। অর্থাৎ আসল কাজটা করে দিয়েছেন পেসাররাই।কালকের বোলিং পারফরম্যান্সকে পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যের একটা প্রতীকী চিত্র বলতে পারেন। চিরদিনের পেস আক্রমণের দেশের বোলিং আক্রমণ এখন স্পিনপ্রধান—এটা সত্যি। তবে একটু গভীরে গেলে দেখা যাবে, বেশির ভাগ সময়ই আড়ালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে পেসাররা। কন্ডিশন, পরিস্থিতির দাবি আর দলের প্রয়োজনের সময় আবার রেখে যাচ্ছে মূল ভূমিকাও।মিসবাহর পাকিস্তানের ধারাবাহিক সাফল্য যেমন বিস্ময়কর, তেমনি অবাক করার মতো এই পেস আক্রমণের সাফল্যও। স্পট ফিক্সিং কাণ্ডের সবচেয়ে ধাক্কাটা লাগার কথা ছিল তো এই পেস আক্রমণেই। মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমিরের সঙ্গে উমর গুল—পাকিস্তানের পেস আক্রমণ তখন আতঙ্ক ছড়াতে শুরু করেছে। সঙ্গে গতি, সুইং আর সম্ভাবনা নিয়ে উঠে এসেছিলেন ওয়াহাব রিয়াজ। আসিফ-আমির এখন জেলে, স্পট ফিক্সিং বিতর্কে নাম এসেছিল বলেই আচমকা দলের বাইরে আইসিসির উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ওয়াহাব। পেস আক্রমণের মেরুদণ্ডই ভেঙে যাওয়ার কথা। উল্টো তাঁদের তোপে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে অনেক ব্যাটিং লাইনআপের।এই টেস্ট শুরুর আগে এ বছর সর্বোচ্চ ৪১ উইকেট ছিল আজমল ও ইশান্ত শর্মার। কালকের ৩ উইকেটে এককভাবেই শীর্ষে আজমল। পাকিস্তানের হয়ে এরপরই সফলতম কিন্তু গুল, কালকের দুটিসহ ২৯ উইকেট। দলের পেস বোলিংয়ের নেতার দায়িত্বটা গুলকে যেন আরও পরিণত করে তুলেছে। প্রায়ই ছন্দ হারিয়ে ফেলার সমস্যা ছিল, অথচ এখন দারুণ ধারাবাহিক। গড়ে প্রতি টেস্টে চারটির বেশি করে উইকেট, অথচ ইনিংসে ৫ উইকেট নেই একবারও। এটাই বরং প্রমাণ করছে তাঁর ধারাবাহিকতা। গুরুত্বপূর্ণ সময়ে দলকে ব্রেক থ্রু এনে দিচ্ছেন।গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে অভিষেক দুই প্রজন্মের দুই পেসারের। টেস্টের শেষ দিনে ৩২তম জন্মদিন পালন করা আইজাজ চিমা অভিষেক টেস্টে নিলেন ৮ উইকেট। অভিষেকে নজর কাড়তে না পারলেও ২১ বছর বয়সী বাঁহাতি পেসার জুনাইদ খান নিজেকে চেনালেন পরের সিরিজেই। দুবাই-আবুধাবির নিষ্প্রাণ উইকেটেও সুইং বোলিয়ে প্রদর্শনী মেলে ধরলেন, পাকিস্তান আবুধাবি টেস্ট জিতল তো তাঁর ৫ উইকেটেই। চোটের কারণে বাংলাদেশে আসেননি জুনাইদ, চিমা সেই অভাবটা বুঝতেই দিচ্ছেন না। কাল তো প্রথম ২ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা হলো তাঁর হাতেই। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নিয়েছিলেন তানভীর আহমেদ। প্রয়োজনে ডানহাতি এই সুইং বোলারকেও ডাকতে পারে পাকিস্তান। স্পিনাররা নিজেদের কাজটা তো করে যাচ্ছেনই। আজমলের আড়ালে অনেকটা নীরবেই ৭ টেস্টে ২৮ উইকেট হয়ে গেছে রেহমানের। কাল উইকেট না পেলেও এ বছর ১৪ উইকেট আছে হাফিজেরও। কিন্তু শুরুতে উইকেট নিয়ে, গুরুত্বপূর্ণ সময়ে বেক থ্রু এনে দিয়ে বড় ভূমিকা রাখছেন আসিফ-আমির-ওয়াহাববিহীন পেস আক্রমণই। পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যের রহস্যটাও লুকিয়ে এখানেই।