গুলশান ইয়ুথের প্রতিবাদ
গতকাল খেলার পাতায় প্রকাশিত, ‘ভোট পেতে ক্লাব কিনে নেওয়ার প্রস্তাব’ শিরোনামে প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব। ক্লাব সভাপতি রাফেজ আলম চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে প্রতিবেদনটিতে সঠিকভাবে ক্লাবের মতামত ও অবস্থান প্রতিফলিত হয়নি বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটির মাধ্যমে ব্যক্তিবিশেষের মতামত প্রকাশিত হয়েছে দাবি করে কিছু কিছু মন্তব্যকে ‘সঠিক নয়’ বলা হয়েছে। প্রতিবাদপত্রে বিসিবির সভাপতি নাজমুল হাসানকে গুলশান ইয়ুথ ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, আসন্ন বিসিবি নির্বাচনে নাজমুল হাসানকে ক্লাবটি নৈতিক সমর্থন দিয়েছে। ক্লাব বিক্রয়ের প্রস্তাবটি কাল্পনিক এবং কাউন্সিলর মনোনয়ন নিয়ে কোনো লেনদেনের প্রসঙ্গকে বলা হয়েছে অযৌক্তিক।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি করা হয়েছে গুলশান ইয়ুথ ক্লাবেরই বর্তমান নির্বাহী কমিটির সদস্য আরিফ ইফতেখার আলীর অভিযোগের ভিত্তিতে। সে সঙ্গে আরও কয়েকটি সূত্র থেকেও এই অভিযোগের সত্যতা সম্পর্কে নিঃসন্দেহ হয়ে প্রতিবেদনটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে গত পরশু গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ পাওয়ায় সেই চেষ্টা সফল হয়নি।