গুলশানে জঙ্গি হামলার ছায়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় হকি দলের কোচ হওয়ার কথা ছিল জাইলস বনেটের, কিন্তু আসছেন না তিনি।
জাতীয় হকি দলের কোচ হওয়ার কথা ছিল জাইলস বনেটের, কিন্তু আসছেন না তিনি।

গুলশানে জ​ঙ্গি হামলা ভালোই ছায়া ফেলেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফদের কেউই এখনো ছুটি কাটিয়ে ঢাকায় ফেরে​ননি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আগামীকাল শুরু যে কন্ডিশনিং ক্যাম্পের দায়িত্বে থাকার কথা ছিল শ্রীলঙ্কান ট্রেনার মারিও ভিল্লাভারায়ণের, তিনিও আসেননি এখনো।​ বিসিবি বলছে, ব্যক্তিগত কারণে এই দেরি, আগস্টের প্রথম সপ্তাহে ঠিকই চলে আসবেন তিনি। যার অর্থ, কন্ডিশনিং ক্যাম্প হবে তাঁকে ছাড়াই।
ভি​ল্লাভারায়ণ-হাথুরুসিংহেরা শেষ পর্যন্ত হয়তো আসবেন। তবে হকি ফেডারেশন একটা দুঃসংবাদ পেয়ে গেল আজই। ২২ জুলাই ঢাকায় আসার কথা ছিল জাতীয় হকি দলের দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বনেটের। কিন্তু ​ই-মেলের মাধ্যমে তিনি বাংলাদেশে আপাতত আসছেন না বলে হকি ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন। কারণ হিসাবে ​অনুমিতভাবেই জানিয়েছেন নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা। গুলশানে জঙ্গি হামলার পর বাংলাদেশে আসার ব্যাপারে বিভিন্ন খেলার বিদেশি কোচ-ট্রেনারদের মনে অস্বস্তি কাজ করছে। তবে বনেটই প্রথম সরাসরি না আসার কথা জানিয়ে দিলেন। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বনেটের না-আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
এ​ দিকে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে নিয়োগ পাওয়া পল ​স্মলির আসা নিয়েও। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘স্মলি ফোন করে বলেছেন, তাঁর পরিবার এই মুহূর্তে তাঁকে ঢাকায় আসতে বারণ করছে। যে কারণে তিনি আসতে পারছেন না।’
কবে নাগাদ তিনি আসতে পারেন বা আদৌ আসবেন কি না, সে ব্যাপারে কিছুই জানাননি স্মলি। বনেটও না-আসার অন্যতম কারণ হিসাবে বাংলাদেশে আসার ব্যাপারে তাঁর পরিবারের আপত্তির কথা জানিয়েছেন। ​বনেটের সঙ্গে হকি ফেডারেশনের আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। কথা ছিল, এবার ঢাকায় আসার পর সেই চুক্তি হবে। আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট নিয়ে ফেডারেশনের পরিকল্পনা তাই বড় একটা হোঁচটই খেল। ফুটবলের বেলজিয়ান কোচ টম সেন্টফিট অবশ্য বাংলাদেশেই আছেন।