গুলির হুমকি দিয়েছিলেন গ্রন্দোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজা খোলা থাকার কথাটা প্রথম বলেছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের মহাব্যবস্থাপক কার্লোস বিলার্দো। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনাও বলছেন, ম্যারাডোনার জন্য দরজা খোলা আছে। গ্রন্দোনা-বিলার্দোর সঙ্গে সুর মেলালেন এএফএর মুখপাত্র আরনেস্তো বিয়ালোও। গতকাল বিয়ালো বলেছেন, ‘ডিয়েগো কখনোই দূরে সরে যায়নি। সে এখনো কাছেই আছে।’সরাসরি মন্তব্য নয়। তবে এতে আঁচ আছে, আবারও কোচের পদে ফিরতে পারেন ম্যারাডোনা। বার্তা সংস্থা এএফপির খবরের শিরোনামটাই এমন: ‘বরখাস্ত ম্যারাডোনা নিজেই নিজের উত্তরসূরি হওয়ার পথে’। ওই খবরেই বিয়ালোকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘কারো নামই নিষিদ্ধ করা হয়নি কিংবা কাউকে কোচ হওয়ার নিশ্চয়তাও দেওয়া হয়নি।’গ্রন্দোনা শুরু থেকেই বলে আসছেন, তাঁদের কোনো ম্যারাডোনা-বিদ্বেষ নেই। এবার বললেন, ‘যে কেউ ফিরে আসতে পারেন।’ তবে স্থানীয় সংবাদমাধ্যমকে গ্রন্দোনা নাকি বলেছেন, ম্যারাডোনা ফিরলে এএফএর শর্ত মেনেই ফিরতে হবে। মানে, কোনো সহকারীকে ফেরানোর দাবি জানানো চলবে না।কিন্তু ম্যারাডোনা কি তা করবেন? তাঁর সহকারী ও সাবেক সতীর্থ অস্কার রুগেরি যা বলছেন, তাতে ম্যারাডোনার তো এই শর্ত মানার সম্ভাবনাই নেই। রুগেরি বলছেন, ম্যারাডোনার সঙ্গে বৈঠকে গ্রন্দোনা তাঁকে গুলি করতে চেয়েছিলেন। ১৯৮৬-র বিশ্বকাপজয়ী দলের এই ডিফেন্ডারের ভাষ্য, ‘গ্রন্দোনা ম্যারাডোনাকে বলেছে, ‘‘আমার সঙ্গে রুগেরিকে নিয়ে কথা বলতে এসো না। ওকে পায়ে গুলি করা হবে।’’ এরপর তিনি (গ্রন্দোনা) বলেছেন, তার যে মেয়ে আমাকে বিশ্বকাপের সময় অপমান করেছিল, সে নাকি আমাকে ছুরি মারতে পারে।’রুগেরির কথা কতটা সত্যি কে জানে। তবে রুগেরি বলছেন, আর্জেন্টিনার ফুটবলের যে চালচিত্র, তাতে তিনি খুন না হওয়াতেই খুশি, ‘আমি খুশি, কারণ ওরা আমাকে মেরে ফেলেনি। আমাদের ফুটবল এখন এভাবেই চালানো হচ্ছে। আমরা বলছি বটে, উন্নয়ন করতে চাই, কিন্তু এভাবে উন্নয়ন অসম্ভব। শোনেন, কমিটি-টমিটি করে কোচ নির্বাচন করা হয়, এসব কথা আমাকে বলতে আসবেন না। ম্যারাডোনাকে যখন কোচ করা হলো, তখন গ্রন্দোনা একাই সিদ্ধান্ত নিয়েছিলেন। সারা দেশে গণতন্ত্র আছে, কিন্তু ফুটবলে নেই।’ রুগেরির এসব দাবি এখন একজন সরকারি কৌঁসুলি তদন্ত করে দেখছেন। ওয়েবসাইট।