গুলের দাবি, অ্যান্ডারসনও বল টেম্পার করেছেন
প্রসঙ্গটা উঠলেই সবাই বাঁকা চোখে পাকিস্তানের দিকে তাকায়। বল টেম্পারিং যেন শুধু পাকিস্তানেরই গোপন এক শিল্প। উমর গুল কিন্তু বলছেন, বল টেম্পারিং করার চেষ্টা করে সব দলই। এমনকি তিনি বল টেম্পারিং করতে দেখেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে।‘বল টেম্পারিংয়ের অভিযোগ সব সময় উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু কখনোই সেটা প্রমাণ করা যায়নি’—শুরুতেই নিজেদের নির্দোষ দাবি করেছেন গুল। পাকিস্তানি এই পেসারের ব্যাখ্যা, ‘বল টেম্পারিং করার অনেক উপায় আছে। কিছু কিছু উপায় অবৈধ, যেমন নখ দিয়ে বলে খোঁচানো। আবার বলের অবস্থা পরিবর্তনের আরও কিছু উপায় আছে যেগুলো বৈধ। বল ছুড়ে মেরে বাউন্স করিয়ে এক পাশ খসখসে করে ফেলা যায়। তা ছাড়া মাঠের সীমানায় বসানো বিল বোর্ডগুলোতে লেগেও অনেক সময় বল ক্ষতিগ্রস্ত হয়।’প্রসঙ্গটা নতুন করে উঠেছে শোয়েব আখতারের আত্মজীবনীর সৌজন্যে। যেখানে শোয়েব যেমন স্বীকার করেছেন পাকিস্তান বল নিয়ে কারিকুরি করেছে; এও বলেছেন, বিশ্বের সব দলই তা করে। শোয়েবের এই কথার সায় মিলল গুলের কাছ থেকেও। নিজের অভিজ্ঞতা থেকে ২৭ বছর বয়সী পেসার বলছেন, ‘গত বছর আমরা যখন ইংল্যান্ডে গেলাম, অ্যান্ডারসনকে এটা করতে দেখেছি। অ্যাশেজে স্টুয়ার্ট ব্রডও বুট দিয়ে খুঁচিয়ে বল খসখসে করেছে। পুরোনো বলে রিভার্স সুইং পেতে এসব কৌশল এখন খেলার স্বাভাবিক অংশ। আন্তর্জাতিক ক্রিকেটে সব বোলারই টেম্পারিং করে।’শোয়েবের এই কথার সঙ্গে একমত হলেও গুল কিন্তু বল টেম্পারিং বৈধ করে দেওয়ার পক্ষে নন। ‘এটা বৈধ করার কারণ দেখি না। নিয়ম-টিয়ম পাল্টে ক্রিকেটের চিরায়ত মজাটা নষ্ট করার বদলে ওটা যেভাবে আছে সেভাবেই থাকতে দিন’—করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বলেছেন গুল।আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টির খেলতে ১৫ অক্টোবর দেশ ছাড়বে পাকিস্তান। ওয়েবসাইট।