গুলের সেই ৬ রানে ৫ উইকেট নেওয়ার আসর

বাংলাদেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। আগের চারটি আসর নিয়ে আমাদের চার পর্বের নতুন ধারাবাহিক। দ্বিতীয় পর্বে আসুন ফিরে দেখা যাক ২০০৯ সালে আয়োজিত দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০০৭-এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আকাশছোঁয়া সাফল্যের পর ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ৫ থেকে ২১ জুনের এই টুর্নামেন্টে ক্রিকেট ফেরে আঁতুড়ঘর ইংল্যান্ডে। প্রথমবারের চ্যাম্পিয়ন ভারত, চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ফাইনালে পরাজয়ের ক্ষতে প্রলেপ বুলিয়ে নিতে মরিয়া পাকিস্তান, স্বাগতিক ইংল্যান্ড বা প্রথমবারের ব্যর্থতা ভুলে ভালো কিছু করতে প্রত্যয়ী অস্ট্রেলিয়া—শিরোপার দাবিদার ছিল অনেকেই।
প্রথমবারের মতো এবারও ১২টি দল অংশগ্রহণ করলেও টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়ে অংশগ্রহণ থেকে বিরত থাকে। প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার নিয়ে রাজনৈতিক বিতর্কে জিম্বাবুয়ে অংশগ্রহণ না করায় টেস্ট খেলুড়ে বাকি নয়টি দলের সঙ্গে যোগ দেয় আইসিসি টুর্নামেন্টের তিন কোয়ালিফায়ার স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। ভারত ও আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশকে নিয়ে গঠিত হয় গ্রুপ ‘এ’। স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে গ্রুপ ‘বি’-তে যোগ দেয় পাকিস্তান ও নেদারল্যান্ডস। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে নিয়ে গড়া গ্রুপ ‘সি’-কে বলা হয় ‘গ্রুপ অব ডেথ’। অপর গ্রুপ ‘ডি’ গঠিত হয় নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে।
জিম্বাবুয়েকে কেন্দ্র করে প্রথম থেকেই গোলমেলে এই আসরের ৫ জুনের উদ্বোধনী ম্যাচেই নবীন নেদারল্যান্ডস লর্ডসের হোম অব ক্রিকেটে ৪ উইকেটে হারিয়ে দেয় স্বাগতিক ইংল্যান্ডকে! অঘটনের এখানেই শেষ তো নয়ই বরং শুরু। ৮ জুন আয়ারল্যান্ডের কাছে পরাজিত হয় গতবার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছেও পরাজিত হওয়ায় বিশ্বকাপ শুরুর তিন দিনের মাথায় বাড়ির পথ ধরতে হয় বাংলাদেশকে। বাংলাদেশি সমর্থকেরা চাইলে সান্ত্বনা খুঁজে নিতে পারে আরেকটি অঘটন থেকে। শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে দুটি ম্যাচেই পরাজিত হয়ে বাংলাদেশের মতো মাত্র তিন দিনের মাথায় ফিরতি ফ্লাইট ধরে শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়াও।
প্রতিটি গ্রুপ থেকে দুটি করে মোট আটটি দল নিয়ে শুরু হয় পরবর্তী রাউন্ড সুপার এইট। সুপার এইটে যাওয়া আটটি দলের মধ্যে গ্রুপ ‘এফ’ থেকে ঝরে পরে নিউজিল্যান্ড ও চমক চাগানো স্কটল্যান্ড। আর গ্রুপ ‘ই’ থেকে বাদ পড়ে গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং স্বাগতিক ইংল্যান্ড। সুপার এইটের নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে ওমর গুল মাত্র ৩ ওভারে ৬ রানে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
১৮ জুন ট্রেন্ট ব্রিজের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় পাকিস্তান। শহীদ আফ্রিদির ৩৪ বলে ৫১ রানের ওপর ভর করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ৪ উইকেটে ১৪৯ রান। জবাবে জ্যাক ক্যালিসের ৬৪ এবং ডুমিনির ৩৯ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসের পরও পাকিস্তানিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা করতে পারে ১৪২ মাত্র রান। পুরো আসরে দক্ষিণ আফ্রিকার এটি ছিল একমাত্র পরাজয়। এই জয়ে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে ওঠে পাকিস্তান।
১৯ জুনের শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেমিফাইনালটি প্রথম সেমিফাইনালের মতো মোটেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। ‘দিল স্কুপ’ দিয়ে মাত করে দেয়া দিলশানের ৫৭ বলে অপরাজিত ৯৬ রানের সুবাদে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৫৮। দিলশান একাই করেন নিজেদের ইনিংসের মোট রানের ৬০.৭৬ শতাংশ। দিলশানের এই রেকর্ডটি পরের ইনিংসেই ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। নতুন রেকর্ড গড়ে ইনিংসের মোট রানের ৬২.৩৮ শতাংশ করে ক্রিস গেইল একাই ৫০ বলে ৬৩ রানে অপরাজিত থাকলেও বাকি ব্যাটসম্যানদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কে। অ্যাঞ্জেলো ম্যাথুস এক ওভারেই তুলে নেন টপ অর্ডারের ৩টি উইকেট। টি-টোয়েন্টির প্রথম ব্যাটসম্যান হিসেবে গেইল ক্যারিং দ্য ব্যাট থ্রু ইনিংস-এর গৌরব অর্জন করলেও বৃথায় যায় ব্যক্তিগত এসব অর্জন।
নিশ্চিত হয়ে যায় প্রথম বিশ্বকাপের মতো দ্বিতীয় বিশ্বকাপটিও যাচ্ছে এশিয়ার কোনো দেশেই। মাঝে এক দিন বিরতি দিয়ে ২১ জুন অনুষ্ঠিত হয় পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল। প্রথমবারের মতো এবার আর ভুল করেনি পাকিস্তান। প্রথমে ব্যাট করে সাঙ্গাকারার অপরাজিত ৬৪ রানের ওপর ভর করে শ্রীলঙ্কার করা ১৩৮ রানের জবাবে দুর্দান্ত ফর্মে থাকা আফ্রিদির ৪০ বলে অপরাজিত ৫৪ রানের সুবাদে পাকিস্তান ৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জিতে নেয় দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।
এই আসরে দক্ষিণ আফ্রিকার মতো শ্রীলঙ্কারও এটিই ছিল একমাত্র পরাজয়। সেমিফাইনাল এবং ফাইনাল—পরপর দুটি অপরাজিত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাত ম্যাচের দুটিতে পরাজিত হওয়া পাকিস্তানই।