গুয়াংজুকে ফুটবল শেখাল বায়ার্ন

ফ্রাঙ্ক রিবেরি, মারিও মানজুকিচ ও মারিও গোটশের পা থেকে আসা ৩ গোলেই বিশ্ব ক্লাব কাপের ফাইনাল নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এশীয় চ্যাম্পিয়ন চীনের গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে একপেশে ম্যাচে বাভারিয়ানদের জয় ৩-০ গোলের। মরক্কোর আগাদিরে ইউরোপীয় চ্যাম্পিয়ন ও এশীয় চ্যাম্পিয়নদের এই খেলায় ইউরোপ-এশিয়ার ফুটবল মানের পার্থক্যটাই চোখে পড়েছে সবচেয়ে বেশি।
খেলার প্রথমার্ধে অবশ্য ভালোই খেলেছিল গুয়াংজু। প্রথম গোলের দেখা পেতে বায়ার্নকে অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট। ফ্রাঙ্ক রিবেরির গোলে এগিয়ে যাওয়ার চার মিনিট পরেই মারিও মানজুকিচের দেওয়া গোলে ২-০তে এগিয়ে যায় বায়ার্ন। ২ গোলে এগিয়ে থেকে প্রধমার্ধ শেষ করে বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মারিও গোটশে বায়ার্নকে এগিয়ে দেন ৩-০ গোলে। ৩ গোলে পিছিয়ে পড়ে মার্সেলো লিপ্পির গুয়াংজু অবশ্য বায়ার্নের জন্য কোনো হুমকি হয়ে দেখা দেয়নি। পুরো ম্যাচে চীনের দলটির একটা শটও লক্ষ্যে না থাকাই প্রমাণ করে পুরো খেলায় তারা ছিল কতটা অসহায়।
গুয়াংজুর ব্যর্থতা যদি হয় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারা, তাহলে বায়ার্নের ব্যর্থতা বলতে হবে ম্যাচে গোলের সংখ্যা আরও বাড়াতে না পারা। ৬০ মিনিটে গোটশে একটি গোলের সুযোগ নষ্ট করেন। রিবেরির একটি শট প্রতিহত হয় বারে লেগে। পুরো খেলায় রিবেরির শটটি ছাড়াও আরও তিনটি বল বারে লেগে প্রতিহত হয়। আরও বড় লজ্জার মুখোমুখি না হওয়ার জন্য গুয়াংজু নিজেদের সৌভাগ্যবান ভাবতেই পারে।