গুয়াংজুতে সহনীয় পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০-৬, ০-৫, ০-৪, ০-৩। বাংলাদেশ-উজবেকিস্তান চারটি ফুটবল ম্যাচের স্কোরলাইন। সর্বশেষটি ছিল গতকাল চীনের গুয়াংজুতে। এশিয়ান গেমস ফুটবলে প্রথম গ্রুপ ম্যাচে। চার ম্যাচেই জয়ী দল উজবেকিস্তান। তবে লক্ষণীয়, বাংলাদেশ পরাজয়ের ব্যবধান কমিয়ে আনছে (আগের তিনটি ছিল জাতীয় দলের লড়াই। এটি অনূর্ধ্ব-২৩ দলের)। সবচেয়ে বড় পরাজয় ছিল ১৯৯৯ সালে আরব আমিরাতে এশিয়ান কাপের বাছাইয়ে। ২০০৬ সালে একই টুর্নামেন্টের বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে এক গোল কম হজম। ওই বছরই ঢাকায় ব্যবধান কমে আরও, এবার পরাজয়টাকে ‘সহনীয়’ পর্যায়ে নামিয়ে আনা গেল।গুয়াংজু থেকে টেলিফোনে বাংলাদেশ দলের সহকারী কোচ সাইফুল বারী জানিয়েছেন, ২৯ মিনিটে বাংলাদেশ ডিফেন্ডাররা মার্কিংয়ে ভুল করলে তুরায়েভের গড়ানো শটে ১-০ হয়। ৪২ মিনিটে একই ভুলে বাঁ প্রান্তিক ক্রসে টোকা দিয়ে ২-০ করেন আহমেদভ।৭৫ মিনিটে প্রতিপক্ষের আক্রমণ রুখতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান গোলরক্ষক মাজহারুল ইসলাম (হিমেল)। দলের তৃতীয় গোলরক্ষক না থাকায় বাধ্য হয়ে ১০১ ডিগ্রি জ্বর নিয়ে নামেন আমিনুল। ৮১ মিনিটে ডিফেন্ডার রেজাউল বলের ফ্লাইট মিস করে তৃতীয় গোলের রাস্তা খুলে দেন। ১: ১ অবস্থায় ইসলামের শট আমিনুল প্রথমে ঠেকালেও ফিরতি শটে ৩-০ হয়ে যায়। গেমসের ওয়েবসাইটে অবশ্য এটিকে আরিফের আত্মঘাতী গোল দেখানো হয়েছে।অভিষেকেই জয় পাওয়ার প্রত্যাশা হয়তো ছিল না রবার্ট রুবচিচের। কিন্তু বাংলাদেশের কোচকে অসন্তুষ্টই মনে হলো ফোনের ও-প্রান্তে, ‘ফেডারেশন কাপ খেলে খেলোয়াড়েরা ক্লান্ত। এটাই ডুবিয়েছে। অনেক ছোট ছোট ভুল খেলোয়াড়েরা করেছে।’ তবে বাকি ম্যাচগুলো তাঁকে আশাই জোগাচ্ছে, ‘এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আশা করি, পরের ম্যাচে ভালো করব।’বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন ইনজুরি। পুরো ফিট না হলেও লেফটব্যাক ওয়ালিকে ৯০ মিনিটই খেলতে হয়েছে। আগের দিন যাঁর গায়ে ১০৪ ডিগ্রি জ্বর ছিল, সেই আমিনুলের কাল মাঠে নামার কথাই ছিল না। অসহায় গলায় বললেন, ‘কিছু করার ছিল না। বাধ্য হয়ে নেমেছি মাঠে। হিমেল খেলতে পারবে না পরের ম্যাচে। জরুরি ভিত্তিতে তৃতীয় গোলরক্ষককে (নেহাল) দেশ থেকে পাঠাতে অনুরোধ করা হয়েছে। যদি না আসে, তাহলে অসুস্থ অবস্থায় আমাকেই নামতে হবে।’ আমিনুলের দুশ্চিন্তা কমিয়ে দিয়েছে বাফুফে। কাল রাতেই গুয়াংজু পাঠানো হয়েছে নেহালকে।ফিফা র্যা ঙ্কিংয়ে উজবেকিস্তান ৯৬, বাংলাদেশ ১৫০। ১৯৯৪ হিরোশিমা এশিয়াড ফুটবলে সোনাজয়ী উজবেকিস্তানের বিপক্ষে ‘ঘর সামলে পারলে আক্রমণে যাও’ কৌশল নিয়ে ৪-২-৩-১ পদ্ধতিতে ম্যাচ শুরু করেছিলেন রুবচিচ। তবে বাংলাদেশকে ঘরই সামলাতে হয়েছে সারাক্ষণ। মাজহারুল দুটি ও আমিনুল একটি জোরালো আক্রমণ ঠেকিয়েছেন, নইলে ব্যবধান আরও বড় হতে পারত।সহকারী কোচ সাইফুল জানান, ‘দুই দেশের ফুটবলের ব্যবধানটা স্পষ্ট বোঝা গেছে ম্যাচে। আমাদের খেলোয়াড়দের মূল ঘাটতি দমে। দ্রুতগতির উজবেকদের সঙ্গে পাল্লা দেওয়া ছিল খুবই কঠিন।’ বাংলাদেশ দল: মাজহারুল (আমিনুল), রেজাউল, আরিফ, নাসির, ওয়ালি, মিন্টু (তৌহিদুল), মামুনুল, ইমতিয়াজ, বাতেন, এনামুল, জাহিদ হাসান (শাকিল)।