গুয়েরেরোর তিন, তৃতীয় পেরু
শেষবেলায় এসে হ্যাটট্রিকের দেখা পেল কোপা আমেরিকা। পাওলো গুয়েরেরোর সৌজন্যে। গ্রুপ পর্বে দুই গোল করা পেরুর এই স্ট্রাইকার করলেন তিন গোল। স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলাকেও ৪-১ গোলে উড়িয়ে দিল পেরু। শুধু তৃতীয় হওয়াই নয়, পেরুর গুয়েরেরোর সামনে ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি। তাঁকে ছাপিয়ে যেতে কাল রাতের ফাইনালে লুইস সুয়ারেজকে করতে হতো ৩ গোল। সুয়ারেজ কি তা পেরেছেন?এবার কোপায় নতুন শক্তি হিসেবে উঠে আসা ভেনেজুয়েলা এত বড় ব্যবধানে হারবে কে ভেবেছিল? প্রথমার্ধের ৪১ মিনিটে উইলিয়াম চিরোকিউয়ের গোলে ১-০ গোলে এগিয়ে যায় পেরু। ৬৩ মিনিটে দলের দ্বিতীয় আর নিজের প্রথম গোলটি করেন গুয়েরেরো। ৭৭ মিনিটে একটা গোল শোধ করে দেন হুয়ান আরাঙ্গো। শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া ভেনেজুয়েলা আক্রমণে বেশি মনোযোগ দেওয়াতেই সর্বনাশ হয়। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গুয়েরেরো।লাল কার্ডের ধারাবাহিতা এই ম্যাচেও থাকল। ৫৮ মিনিটে টমাস রিনকন লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় মাঝমাঠে শক্তি হারায় ভেনেজুয়েলা। আর সেই দুর্বলতাই ভালোমতো কাজে লাগিয়েছে পেরু। দুবারের চ্যাম্পিয়ন পেরু ১৯৮৩ সালের পর এই প্রথম কোপায় তৃতীয় হলো। এই অর্জনেও তৃপ্ত তারা। হ্যাটট্রিক-হিরো গুয়েরেরো বলেছেন, ‘তৃতীয় হওয়াও অনেক বড় অর্জন। আমি এই দল নিয়ে অনেক গর্বিত।’ দলও নিশ্চয়ই তাঁকে নিয়ে গর্বিত। গোল-খরার এই আসরে একাই পাঁচ গোল করেছেন। তাঁর জার্মান ক্লাব হামবুর্গ নিশ্চয়ই এখন নতুন করে তাঁকে নিয়ে ভাববে। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার অবশ্য নিজের কথা ভাবছেন না বলেই দাবি করলেন, ‘আমি ফরোয়ার্ড। আমার কাজই হলো গোল করা। দলের হয়ে কাজ করাই তো আমার দায়িত্ব। নিজে কয়টি গোল পেলাম এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো দলের জয়।’ ভেনেজুয়েলা কোচ সিজার ফারিয়াসও প্রশংসা করলেন পেরুর, ‘আমাদের চেয়ে পেরু অনেক বেশি ভালো খেলেছে। পেরু দুর্দান্ত এক দল।’এবারের কোপা অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্যও নতুন বার্তা দিয়ে গেল। কথিত ফেবারিটদের জন্য এবারের কাজটা কঠিনই হবে। অবশ্য ব্রাজিল স্বাগতিক বলে তাদের বাছাইপর্ব খেলতে হবে না। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।