জোহানেসবার্গআবার স্মাতানেক লুবোরের সঙ্গে দেখা। এবার আর তাঁর সঙ্গে সাইকেল নেই। চেক সাংবাদিক বুঝে গেছেন সাইকেল নিয়ে বিশ্বকাপে চলাফেরাটা কত ঝক্কির। সকার সিটি স্টেডিয়ামের প্রেসবক্সে ঢুকেই আমার ওপর তাঁর চোখ পড়ল। কীভাবে চোখ পড়ল সেটাই বিস্ময়কর। কারণ, মিডিয়া সেন্টার তো নয়, যেন পল্টন ময়দান। নানা প্রান্তে চেয়ার-টেবিল বসিয়ে দেওয়া হয়েছে, ১২০০ সাংবাদিক কাজ করতে পারেন, এত বড় এর পরিসর। কে কোনদিকে বসে কাজ করছে, খুঁজে বের করাটাই সমস্যা।লুবোর পিঠে ব্যাগটা ঝুলিয়ে এদিক-সেদিক ঘুরতে ঘুরতে ঘটনাচক্রে আমার কাছেই এসে হাজির, ‘কী করছ?’‘ধেড়ে ইঁদুর খুঁজছি’—আমার কথা শুনে হতভম্ব লুবোর, ‘মানে?’ ‘তুমি জানো না, প্যাট্রিস এভরা বলেছেন, “কেউ একজন বিশ্বাসঘাতক আছে ফ্রান্স দলে, তাই দলের এই হাল! আর সেই একজন নেংটি ইঁদুর নয় যে তাঁকে খুঁজে পাওয়া যাবে না। সে আমাদের মধ্যেই আছে”।’‘তাই নাকি! তাই নাকি!’—বিস্ময়ের ঘোর কাটে না লুবোরের। বিস্ময় শুধু লুবোরের একার নয়। এই বিশ্বকাপ একের পর এক বিস্ময় উপহার দিয়ে যাচ্ছে সবাইকে। শুধু হল্যান্ড ছাড়া শিরোপাপ্রত্যাশী আর কোনো দলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি। তাও ডাচদের আপনি শিরোপাপ্রত্যাশী বললে কথার মধ্যে একটু ‘ভেজাল’ রেখে দেবেন।দ্বিতীয় রাউন্ডের সামনে অনিশ্চয়তার মেঘের পাশাপাশি নানা সংশয় সন্দেহ কুটিলতার কালো মেঘও জমিয়ে দিয়েছে কয়েকটি দল। এই যেমন ফ্রান্স।১৯৯৮-এর চ্যাম্পিয়ন আর গতবারের রানার্সআপরা হয়তো ২০০২ বিশ্বকাপের পরিণতিই বরণ করতে যাচ্ছে। প্রথম রাউন্ড থেকে বিদায় প্রায় হয়েই গেছে। রেশমি সুতোর মতো যেটুকু ঝুলে আছে তার অর্ধেকটা নিজেদের হাতে, অর্ধেকটা দুই ম্যাচ থেকে চার পয়েন্ট তুলে নেওয়া উরুগুয়ে ও মেক্সিকোর হাতে। নিজের হাতের সামর্থ্যে তাদের শেষ ম্যাচে হারাতে হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। আর বাকি ম্যাচে মেক্সিকো-উরুগুয়ের কাউকে জিততে হবে। কেন খামোখা শক্তি ক্ষয় করে দল দুটি জয়ের জন্য ঝাঁপাবে? ড্র হলেই তো তারা গলায় গলা মিলিয়ে দ্বিতীয় রাউন্ডে! ফ্রান্সের এটি যেমন একটা দুশ্চিন্তা, আরেক উদ্বেগ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে জেতাবে কে? মূল স্ট্রাইকার হিসেবে রেমন্ড ডমেনেখ যাঁকে দু ম্যাচ খেলিয়েছেন, সেই নিকোলাস আনেলকা তো বাক্সপেটরা গুছিয়ে দেশে ফিরে গেছেন।মেক্সিকোর কাছে আগের ম্যাচে ০-২ গোলে হারা ফ্রান্সের স্ট্রাইকার বিরতির সময় কোচ ডমেনেখকে অপমান করেছেন সবার চোখের সামনে। এরপর আনেলকার থাকা চলত না বিশ্বকাপে। ফ্রান্স ফুটবলের কড়া নির্দেশের পরপরই ফিরতি বিমানে চেপে বসতে হয়েছে তাঁকে।যদিও ব্যাগ গোছাতে গোছাতে আনেলকা বলেছেন, কোচকে অপমান তিনি করেননি, কোনো বাদানুবাদও হয়নি। কিন্তু কে শুনছে তাঁর কথা? ফেডারেশন বলে দিয়েছে, ‘কোচকে অপমান করার অধিকার কোনো খেলোয়াড়ের নেই।’ ১৯৫৮ বিশ্বকাপে ১৩ গোল করা ফরাসি কিংবদন্তি জাঁ ফন্টেইন পর্যন্ত তাঁর বৃদ্ধ শরীরেও রাগ ধরে রাখতে পারেননি, ‘এত বড় সাহস! ওকে এখনই তাড়িয়ে দেওয়া উচিত।’ তাড়িয়েই দেওয়া হয়েছে আনেলকাকে।তবে তাঁকে তাড়িয়েও তো সমস্যা যায়নি। ফ্রান্সের লেফটব্যাক প্যাট্রিস এভরার দাবি, ‘দলের মধ্যে এখনো কোনো ষড়যন্ত্রকারী আছে। সে ছোট্ট ইঁদুরও নয় যে তাকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের মধ্যেই সে আছে।’ ষড়যন্ত্র-তত্ত্ব, একরোখা কোচ, কয়েকজন বুড়োটে খেলোয়াড়ের ক্ষয়াটে পারফরম্যান্স—ডুবিয়ে দিল বিশ্বকাপে এই বড় দলটিকে। লুবোর ভুল ধরিয়ে দেন, ‘ফ্রান্স এই বিশ্বকাপে বড় দল তো নয়। তারা এসেছে অবাছাই দল হিসেবে।’ষড়যন্ত্র-তত্ত্ব্ব খেলা করছে দক্ষিণ আফ্রিকা দলের মধ্যেও। উরুগুয়ের কাছে ৩ গোলের পরাজয়েই কার্যত শেষ হয়ে গেছে তাঁদের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা। এখন আশার বিপরীতে প্রবল এক আশার পাল তুলে দাঁড়াতে হবে ফ্রান্সের সামনে। পারবে তারা জিততে? দলের ভেতরের যা খবর, তাতে এই দলেও গৃহদাহ চলছে। ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পাহেইরা নাকি পক্ষপাত করছেন। কাওয়াজুলু নাটালের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে খেলাতেই চাইছেন না। আর তিনি বসে রয়েছেন তাঁর অহংকার নিয়ে। বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ কোচ। ব্রাজিলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। পাঁচটি দেশের দায়িত্ব পালন করছেন এই নিয়ে, তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস কার? ম্যাকবেথ সিবাইয়ার মতো খেলোয়াড়কে না খেলানোয় তাঁর সমালোচনা হচ্ছে প্রচুর। পাহেইরা তবু নির্বিকার। তবে বিশ্বকাপটা আর নির্বিকার, নীরব নয়। সেটি এখন নানা দলের গৃহদাহেও জ্বলছে।