গে-গ্যাটলিনের দিন
বোল্ট-ব্লেকদের অনুপস্থিতিতে প্যারিসের ডায়মন্ড লিগের ১০০ মিটারে হয়ে গেল মার্কিন শো। তাতে জাস্টিন গ্যাটলিনকে হারিয়ে জিতেছেন টাইসন গে। বাজে শুরুর পরও যুক্তরাষ্ট্রের জাতীয় রেকর্ড এবং সর্বকালের দ্বিতীয় দ্রুততম সময়ের মালিক গে পরশু ৯.৯৯ সেকেন্ড সময় করে প্রথম হয়েছেন। ২০০৪ এথেন্স অলিম্পিকে সোনাজয়ী গ্যাটলিন ১০.০৩ সেকেন্ড সময় করে হয়েছেন দ্বিতীয়। তৃতীয় ফরাসিদের আশার প্রতীক ক্রিস্টোফ লেমাইত্রে (১০.০৮ সেকেন্ড)।মাত্রই কদিন আগে যুক্তরাষ্ট্রের অলিম্পিকে ট্রায়ালে গে-কে হারিয়ে প্রথম হয়েছিলেন চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরই ট্র্যাকে ফেরা গ্যাটলিন। পরশু প্যারিসে তারই যেন প্রতিশোধ নিলেন গে। একটু ঘুরিয়ে গে-ও যেন বলতে চাইলেন সেটাই, ‘ইউএসের ট্রায়ালে গ্যাটলিন আমাকে হারিয়ে দেওয়ার পর থেকেই আমি এই প্রতিযোগিতায় জিততে চেয়েছি।’ তবে হারলেও ৩০ বছর বয়সী গ্যাটলিন লন্ডন অলিম্পিক নিয়ে আত্মবিশ্বাসী, ‘আমি এথেন্সে সোনা জিতেছিলাম। লন্ডনেও একই ঘটনা ঘটতে পারে।’পরশু প্যারিস মিটে নিজেদের প্রত্যাশার ছাপ রেখেছেন ডেভিড রুডিশা ও স্যালি পিয়ারসনও। ৮০০ মিটারে রুডিশার সর্বকালের সেরা সময় হলো ১ মিনিট ৪১.০১ সেকেন্ড। প্যারিসে অবশ্য এর ধারেকাছেও যেতে পারেননি। সময় করেছেন ১:৪১.৫৪। তবে প্রতিকূল আবহাওয়ায় নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট কেনিয়ান দৌড়বিদ, ‘আদর্শ পরিবেশ হলে আমি হয়তো রেকর্ডটা ভেঙে দিতাম।’ মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ১২.৪০ সময় করে প্রথম হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার স্যালি পিয়ারসন। একমাত্র বাজে দিন গেছে ৫০০০ ও ১০০০০ মিটারের অলিম্পিক চ্যাম্পিয়ন কেনেনিসা বেকেলের। ৫০০০ মিটারে হয়েছেন নবম! ইথিওপিয়ান স্প্রিন্টার অবশ্য বলছেন, লন্ডনে তিনি এই ইভেন্টে দৌড়াবেনই না। এএফপি।