গে-র উল্লাস, লিউর হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিক দরজায় কড়া নাড়ছে, এর আগে শুক্রবার লন্ডন ডায়মন্ড লিগে ১০০ মিটারে জিতে উসাইন বোল্ট, ইয়োহান ব্লেকদের আরেকটা সতর্কবার্তা পাঠালেন টাইসন গে। লন্ডনের বৃষ্টিভেজা আবহাওয়ায় টাইমিংটাও নেহাত খারাপ হয়নি। ১০.০৩ সেকেন্ডে দৌড় শেষ করেছেন ইতিহাসের দ্বিতীয় দ্রুততম মানব। গে এখন অলিম্পিকের দ্রুততম মানব হওয়ার স্বপ্নে বিভোর, ‘জয়ের পর বেশ ভালো লাগছে। আবহাওয়া অতটা খারাপ ছিল তা-ও নয়, তবে এটার সঙ্গে মানিয়ে নেওয়াটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমার দারুণ লাগছে, অলিম্পিকের সোনাটা আমার চাই-ই চাই।’ ১০.০৯ সেকেন্ড সময় করে রায়ান বেইলি হয়েছেন দ্বিতীয়, আর তৃতীয় জ্যামাইকার নেসটা কার্টারের সময় ১০.১৩ সেকেন্ড। ডায়মন্ড লিগের ৫০০০ মিটারে জিতে প্রস্তুতি ভালোই সেরে রাখলেন এই ইভেন্টের বিশ্ব চ্যাম্পিয়ন মো ফারাহ। দেশের মাটিতে টাইমিংটা (১৩ মিনিট ৬.০৪ সেকেন্ড ) অতটা ভালো না হলেও ফারাহ খুশি, ‘অলিম্পিকের আগে দেশের মাটিতে এটাই শেষ দৌড়। দর্শকেরাও দারুণ সমর্থন দিয়েছে। এটা অবিশ্বাস্য।’তবে ১১০ মিটার হার্ডলসে একটা ধাক্কা খেয়েছেন চীনের লিউ শিয়াং। হিটে অংশ নিলেও চোটের কারণে ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেন। সুযোগের সদ্ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অ্যারিস মেরিট, মৌসুমে নিজের দ্বিতীয় দ্রুততম টাইমিং (১২.৯৩ সেকেন্ড) করে জানান দিয়েছেন, সম্ভাব্য সোনাজয়ীদের তালিকায় সবার ওপরেই থাকবে তাঁর নাম। কদিন আগেই যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে নিজের জাত চিনিয়েছেন। জয়ের পর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেই সন্তুষ্টি ঝরেছে মেরিটের কণ্ঠে, ‘আমাদের সবার জন্য পরিবেশটা একই রকম ছিল। আবহাওয়া এই রকমই থাকলে অলিম্পিকের জন্য ভালো একটা প্রস্তুতিই হলো। দুই দিন হলো এখানে এসেছি, আবহাওয়াসহ ঘুমটা ঠিকঠাক থাকাও একটা ব্যাপার। এভাবে দৌড়াতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত।’ এএফপি।