গেইল আর বাউন্সারে ভারত শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউন্সার! বাউন্সার! বাউন্সার!কী অপেক্ষা করছে, ভারত জানত। জেনেও কোনো লাভ হলো না। বরং শর্ট বলে দুর্বলতা ব্যাটসম্যানদের কাঁপাকাঁপি এমন লজ্জাজনকভাবে আবার প্রকাশিত যে, আগামী অনেক দিন যেকোনো দলের ভারত-বধের রেসিপি হয়ে থাকবে এটাই। শর্ত একটাই, খেলাটা এমন বাউন্সি উইকেটে হতে হবে।ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে অদ্ভুত মিল। সেবারও শর্ট বলেই নাকানিচুবানি খেয়ে সুপার এইট থেকে বিদায় নিয়েছিল ভারত। এবারও একই বিষে নীল হয়ে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে। দ্বিতীয় ম্যাচে ভারতীয়রা সবাই যে মনেপ্রাণে অস্ট্রেলিয়াকে সমর্থন করতে শুরু করেছিল, তার কারণ একটাই। শ্রীলঙ্কা জিতলে শেষ ম্যাচটা ভারত শুধু খেলার জন্য খেলবে।মাঠ পুরো ভরেনি, তবে সবচেয়ে বেশি দর্শক হলো কালই। শেষ বলটি করার আগেই ব্রাভো তাঁদের উৎসবে মেতে ওঠার আমন্ত্রণ জানালেন। তাঁরা কি আর আমন্ত্রণের অপেক্ষায় আছে নাকি! শেষ বলে ভারতের দরকার ১৫ রান, গ্যালারি তখন উন্মাতাল। কেউ শঙ্খে ফুঁ দিচ্ছে, কেউ বা শিঙার মতো লম্বাটে কী যেন একটায়, আরও কত বিচিত্র বাদ্যযন্ত্র যে বাজছে!সেই শব্দের মধ্যে ক্রিস গেইল বললেন, ‘আমি বড় চাপে ছিলাম। সবাই এমন সমর্থন করেছে, এর প্রতিদান দেওয়ার ছিল।’ সেটি ভালোই দিলেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন তাঁর সেঞ্চুরিতে। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করার কীর্তিটা সামান্যের জন্য হাত ফসকে গেল। দু বল বাকি থাকতে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট। কিন্তু ৬৫ বলে ৯৮ রানের ওই ইনিংসটিই ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে দিল। শেষ দিকে ৬ বল আর ৫ রানের মধ্যে ৪ উইকেট না হারালে ওয়েস্ট ইন্ডিজের রানটা আরও বড় হয়। আবার ভারত ফিল্ডিংয়েও না ডুবলে হয়তো ১৬৯-ও হয় না। শর্ট ফাইন লেগে চন্দরপলের ক্যাচ ছেড়েছেন রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপ যাঁর কাছে আতঙ্কের প্রতিশব্দ।ম্যাচের টার্নিং পয়েন্টটা আরেকটু পরে। ধোনি আর ইউসুফ পাঠান আমি না তুমি করতে করতে শর্ট স্কয়ার লেগে গেইলের ক্যাচ ফেললেন। গেইল তখন ৪৭। পরের ২৬ বলে করলেন ৫১। পাঠানের কাটা গায়ে লবণ ছিটিয়ে এমন একটা ছক্কা মারলেন, যেটি কেনসিংটন ওভালে সবচেয়ে বড় ছক্কা কি না, এই আলোচনা শুরু করিয়ে দিল। মিড উইকেটের ছাদে লেগে ফিরে আসা বল আর দু-তিন ইঞ্চি উঠলেই মাঠের বাইরে চলে যায়!সংবাদ সম্মেলনে ধোনি বারবারই বললেন, ব্যাটিংটাই তাঁর দলের মূল শক্তি। ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং আছে। এই উইকেটে ১৭০ অবশ্যই তাড়া করার মতো স্কোর ছিল। না পারার কারণটা তো ততক্ষণে প্রকাশ্য, সেটি নিয়ে বললেন, ‘দেশের বাইরে এলেই শর্ট বল তো আমাদের সবাই করে। টি-টোয়েন্টিতে সমস্যা হলো, বল ছাড়া যায় না, রান করার তাড়া থাকে। ১৪০/৪৫ কিলোমিটারের বলে কাট-পুল করা সহজ নয়।’গেইলও অকপট, রণকৌশল এটাই ছিল, ‘শর্ট বলে ওরা সব সময়ই নড়বড়ে। সবাই-ই তা জানে। সব দলই তাই ওদের শর্ট বল করে।’ তাতেই ভারত ৫ উইকেটে ৮১। ১৯তম ওভারে ধোনি (১৯ বলে ২৯) রান আউট হওয়ার পর বাকি থাকল শুধু আনুষ্ঠানিকতাই।ইংল্যান্ড টি-টোয়েন্টিতে ভারতের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনির সংবাদ সম্মেলনটা ২৭ মিনিট ধরে চলেছিল। কালকেরটা অত দীর্ঘ হলো না। তবে গতবারের মতো এবারও যথারীতি আইপিএল ভারতীয় খেলোয়াড়দের সব শুষে নিয়েছে কি না, সেই প্রশ্ন উঠল। বিশ্বকাপ বা চ্যাম্পিয়নস ট্রফির মতো আসরে ভারত কেন পারে না—এই প্রশ্নেরও জবাব দিতে হলো ধোনিকে।আগামী বেশ কিছুদিন ধোনিকে এতেই ব্যস্ত থাকতে হবে বলে মনে হচ্ছে!সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৯/৬ (গেইল ৯৮, চন্দরপল ২৩, স্যামি ১৯, পোলার্ড ১৭, ব্রাভো ১; হরভজন ০/১৬, জহির ১/৩৬, নেহরা ৩/৩৫, জাদেজা ১/২৭)। ভারত: ২০ ওভারে ১৫৫/৯ (বিজয় ৭, গম্ভীর ১৫, রায়না ৩২, রোহিত ৫, যুবরাজ ১২, ধোনি ২৯, ইউসুফ ১৭, হরভজন ১৪, জাদেজা ৫; স্যামি ১/১৬, টেলর ১/২৪, রোচ ২/৩৮, ব্রাভো ১/২৮, পোলার্ড ১/২৩, গেইল ১/২২)।