গেইল ও বোর্ডের দ্বন্দ্বে সরকারের হস্তক্ষেপ
আক্রমণ, পাল্টা আক্রমণ! ক্রিস গেইল গেইল কোনো একটা কথা বলেছেন, তো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বলছে ঠিক উল্টো কথা। গেইলের দৃষ্টিতে সব দোষ বোর্ডের। আর বোর্ডের দাবি, গেইলের অনমনীয় অবস্থানের কারণেই সমঝোতা হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন, দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে গেইল-বোর্ড দ্বন্দ্ব নিরসনের আর পরিবেশ নেই।তাই বলে দ্বন্দ্বের অবসান ঘটবে না বা গেইল জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ পাবেন না—এমনটা ভাবলে ভুল হবে। সর্বশেষ খবর, গেইল ও বোর্ডের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য এগিয়ে আসছে ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর সরকার। আর এই হস্তক্ষেপের মধ্য দিয়ে অচিরেই এই ঘটনার ‘শান্তিপূর্ণ’ সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।ক্যারিবীয় সরকার প্রধানদের সংগঠন (ক্যারিকম) সিদ্ধান্ত নিয়েছে, সাবেক অধিনায়ক গেইলকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে তারা। ক্যারিকমের চেয়ারম্যান ডেনজিল ডগলাস এক সাক্ষাত্কারে বলেছেন, ‘সমাধানের পথ বের করতে একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’এদিকে গায়ানার প্রেসিডেন্ট ভরত জাগদেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে বোর্ড নিজের সম্পত্তি মনে করে। আমার বিশ্বাস, এটি সবার। এই অঞ্চলের সব মানুষের।’হঠাত্ গেইলের প্রতি ক্যারিবীয় সরকারগুলোর সমর্থন ঘোষণার কারণ, গত শনিবার তাঁর দেওয়া আবেগঘন বক্তব্য। দেশের হয়ে খেলার আকুতি প্রকাশ করে গেইল সেদিন অভিযোগ করেন, বোর্ড তাঁকে দলে ফিরতে দিচ্ছে না। সমঝোতার নাম করে বোর্ড এত দিন যা করেছে, সবই প্রহসন। গেইলের বক্তব্যের এক দিন পরই বোর্ডের পাল্টা অভিযোগ, ‘অনমনীয়’ মনোভাবের কারণেই দলে ফিরতে পারছেন না গেইল। ওয়েবসাইট।