গেইল জেতালেন বেঙ্গালুরুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের (৫৩৪৭) পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রান করতে ক্রিস গেইলের দরকার ছিল ৯০ রান। আর তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫৫ রান। কাল নিজেদের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ওই লক্ষ্যে পৌঁছাতে মাত্র ২টি উইকেট হারায় বেঙ্গালুরু। দল ৮ উইকেটে জিতলেও ৫ রানের জন্য পাঁচ হাজার ছুঁতে পারেননি গেইল (৪৯৯৫)। টি-টোয়েন্টি ব্যাটিংয়ের প্রতীক হয়ে ওঠা এই ক্যারিবিয়ান যখন লক্ষ্মীপতি বালাজিকে ছয় মেরে দলকে জেতালেন, তাঁর নামের পাশে ৮৫ রান। ৯ ছক্কা ও ৪ চারে মাত্র ৫০ বলেই এই রান করে ১৫ বল হাতে রেখেই জিতিয়েছেন দলকে। এর আগে প্রথমে ব্যাট করে কলকাতা করেছিল ৮ উইকেটে ১৫৪ রান। ৪৬ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক গৌতম গম্ভীর। অন্য খেলায় ঘরের মাঠে পুনে ওয়ারিয়র্স ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ফিফটির (৪৮ বলে ৫৪) সুবাদে ৫ উইকেটে ১৪৫ রান করে রাজস্থান। রান তাড়া করতে এসে পুরে ওয়ারিয়র্স ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের ৩ উইকেটে ১৪৮ রানে বড় অবদান অ্যারোন ফিঞ্চের। ৩টি ছয় এবং ৬টি চারে ৫৩ বলে ৬৪ রান করেন অস্ট্রেলীয় এই ব্যাটসম্যান। ওয়েবসাইট।