গেইল-ঝামেলা মিটছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের অচলাবস্থার অবসান সম্ভবত হতে যাচ্ছে। ক্যারিকমের (ক্যারিবিয়ান কমিউনিটি) মধ্যস্থতায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে একটি চুক্তিতে সই করেছেন ক্রিস গেইল। তবে বোর্ডকে বাড়তি একটি চিঠিও পাঠিয়েছেন গেইল, যে চিঠির বিষয়বস্তু সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কয়েক সপ্তাহ আগে ক্যারিকমের সভায় গেইলের ব্যাপারটি নিয়ে আলোচনা হয়। সমাধানের একটি পথ খোঁজার শুরু তখনই। চুক্তির একটা খসড়াও দাঁড় করায় ক্যারিকম। কিছুদিন আগে সেই চুক্তিতে সই করেছে বোর্ড। এবার সই করলেন গেইলও। তবে বাড়তি ওই চিঠি নিয়ে কৌতূহল থাকছেই। ডব্লুআইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনজালভেসের মাধ্যমে গেইলের চিঠি পেয়েছে বোর্ড। ব্যাপারটা নিয়ে আলোচনাও হয়েছে, শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলাচনা করবে বোর্ড।’ ধারণা করা হচ্ছে, গেইলের কিছু দাবি-দাওয়া থাকতে পারে ওই চিঠিতে।সব ঝামেলা মিটে গেলেও গেইলকে কবে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা যাবে, সেই সংশয় থাকছেই। ৪ এপ্রিল থেকে ২৭ মে আইপিএলে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। এরপর সমারসেটের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে। ওয়েবসাইট।