গেইল-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দানবীয়, অতিমানবীয়, বিস্ফোরক বা খ্যাপাটে—এসব তো বলা হয়েছে কতবারই। ক্রিস গেইলের জন্য এবার খুঁজতে হচ্ছে নতুন কোনো বিশেষণ। কাল আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে যা দেখালেন, তেমন কিছু যে আর দেখেনি ক্রিকেট! টি-টোয়েন্টি ব্যাটিংয়ে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, গেইল-তাণ্ডব আজকাল আর বিস্ময় জাগায় না। কিন্তু এবার গেইল যেন ছাড়িয়ে গেলেন নিজেকেও! ৩০ বলে সেঞ্চুরি, ৫৩ বলে দেড় শ, ১৩ চার ও ১৭ ছয়ে ৬৬ বলে অপরাজিত ১৭৫। বল স্টেডিয়ামের বাইরে ফেললেন দুবার, আরেকবার ছাদে। চিন্নস্বামী স্টেডিয়ামের মতো টি-টোয়েন্টির রেকর্ড বইতেও ‘গেইল-শো’তে তোলপাড়।৩০ বলের সেঞ্চুরি এখন যেকোনো ধরনের ক্রিকেটের দ্রুততম স্বীকৃত সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে অ্যান্ড্রু সাইমন্ডস ও প্রথম শ্রেণীর ক্রিকেটে ডেভিড হুকসের ৩৪ বলে সেঞ্চুরি ছিল আগের রেকর্ড। প্রথম শ্রেণী আর টি-টোয়েন্টিতে ১৬ ছক্কার রেকর্ড ছিল স্বীকৃত ক্রিকেটের রেকর্ড। ছক্কার রাজা নিজের করে নিলেন সেটাও। আর টি-টোয়েন্টির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডে ছাড়িয়েছেন প্রথম আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের গড়া ১৫৮ রান।গেইলের সঙ্গে এবি ডি ভিলিয়ার্সের ৮ বলে ৩১ রানের টর্নেডোতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গড়ল ৫ উইকেটে ২৬৩ রানের রেকর্ড। আগের সর্বোচ্চ ২৬০ ছিল কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার। ৮২ বলে ১৬৭ রানের উদ্বোধনী জুটিতে দিলশানের অবদান ৩৬ বলে ৩৩! বেঙ্গালুরুর ইনিংসে ২১ ছক্কাও নতুন রেকর্ড। জবাবে গোটা দল মিলেও পুনে যেতে পারেনি গেইলের কাছাকাছি, করেছে ১৩৩। বল হাতেও ২ উইকেট নিয়ে গ্যাংনামে মেতে ওঠা গেইলের প্রতিক্রিয়া, ‘আমি নিজেও অভিভূত। ওই দিনগুলোর একটি, যেদিন সবকিছুই মাঝ ব্যাটে লাগে।’টি-টোয়েন্টিতে গেইলের এমন দিন প্রায়ই আসে। তার পরও কালকের দিনটিকে একটু অতিপ্রাকৃতই মনে হচ্ছে! ওয়েবসাইট।অন্য ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে (১২০/৭) ৫ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব (১২১/৫)