টানা দুই দিন অবিশ্বাস্য দুটি ঝড় দেখল আইপিএল। আগের দিনের শেবাগ-ঝড়ের পর কাল গেইল-ঝড়। শেবাগ-ঝড় ডেকান চার্জার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসকে। গেইল-ঝড়ে লন্ডভন্ড কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতল ৮৫ রানে।৪৬ বলে সেঞ্চুরির পর গেইল আউট হয়েছেন ৪৯ বলে ১০৭ রান করে। ১০টি চার ও ৯টি ছয়, মানে ৯৪ রানই করেছেন জায়গায় দাঁড়িয়ে! চলতি আইপিএলে গেইলের এই দ্বিতীয় সেঞ্চুরির সুবাদে বেঙ্গালুরু ৬ উইকেটে তোলে ২০৫ রান। ১৪.৪ ওভারে পিযুষ চাওলার বলে যখন রায়ান হ্যারিসের তালুবন্দী হলেন গেইল, দলের রান ১৫৪। শেষ ৫.২ ওভারে বেঙ্গালুরু স্কোরবোর্ডে যোগ করে ৫১ রান, যাতে বড় অবদান রেখেছেন এবি ডি ভিলিয়ার্স, ১৪ বলে করেছেন ২৭।ব্যাটিংয়ের পর গেইলের বোলিংও ভোগান্তির কারণ হয়েছে পাঞ্জাবের। গেইল ২১ রানে ৩ এবং শ্রীনাথ অরবিন্দ ১৪ রানে ৪ উইকেট নিলে ১২০ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। তারও আগে ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। ওয়েবসাইট।