গেইল-ডি ভিলিয়ার্সদের স্পিন পরীক্ষা
চার মাস আগের সেই দুঃস্বপ্ন দক্ষিণ আফ্রিকার সহজে ভোলার কথা নয়। নাগপুরের ‘শয়তানের উইকেটে’ ডি ভিলিয়ার্সদের নাকাল করে ছেড়েছিলেন অশ্বিন-জাদেজারা। ওই উইকেট নিয়ে তখন কম সমালোচনা হয়নি। আজও আবার সেই নাগপুরেই ফিরছে দক্ষিণ আফ্রিকা, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে আজ জয় ছাড়া উপায় নেই। নাগপুর এবারও নিশ্চয়ই দুরন্ত ঘূর্ণির ডাক দিচ্ছে। কেননা কদিন আগে এখানেই স্পিনের জালে স্বাগতিক ভারতকে আটকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের সিঁড়িটা খুঁজে পেয়েছে নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের সেই স্মৃতিটা একপাশে সরিয়ে রাখতে চায়। যেমন বললেন ইমরান তাহির, ‘ওটা ছিল টেস্ট আর এটা টি-টোয়েন্টি। সবকিছুই এখানে আলাদা।’
নাগপুরের মাঠে পা রেখেই ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার স্যামুয়েল বদ্রি ও সুলিমান বেনের চোখ হয়তো চকচক করছে। এই দুই স্পিনার আগের ম্যাচেই শ্রীলঙ্কাকে খোলসে পুরেই জয়ের রাস্তা তৈরি হয়ে গিয়েছিল ক্যারিবীয়দের।
কিন্তু দক্ষিণ আফ্রিকাই বা কেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারবে না? দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গো তাই একটা বার্তাই দিয়ে রাখলেন প্রতিপক্ষদের, ‘আমাদের ইমরান তাহির আছে, এ ধরনের উইকেটে ও ভয়ংকর হয়ে উঠতে পারে।’ কিন্তু ওয়েস্ট ইন্ডিজে যেমন বদ্রি-বেন মানিকজোড়, তাহিরের তো দরকার সংগত। সেই কাজটা যিনি পারতেন, সেই জেপি ডুমিনিকে কেড়ে নিয়েছে হ্যামস্ট্রিংয়ের চোট। বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসোকে আজ সঙ্গী হিসেবে পেতে পারেন তাহির।
ওয়েস্ট ইন্ডিজ দলেও একটু থাবা বসিয়েছিল আগের ম্যাচ। ফিল্ডিং করার সময় একটু চোট পেয়েছিলেন ক্রিস গেইল। পরে অবশ্য মাঠে নামতে চেয়েও পারেননি, তার আগেই কাজটা সেরে ফেলেছিলেন ফ্লেচাররা। আজ অবশ্য গেইলের খেলা নিয়ে সংশয় নেই। গেইল নিজেও নিশ্চয় অধীর হয়ে অপেক্ষা করছেন। এক বছর আগের প্রোটিয়াদের সঙ্গে তাদের সর্বশেষ সাক্ষাৎটা চিরস্মরণীয়। গেইলের ৯০ রানের ইনিংসেই দক্ষিণ আফ্রিকার ২৩১ রানের পাহাড় পেরিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ কি আরেকটা ঝড় আসছে? ক্রিকইনফো।