গেইল-তাণ্ডবে বিক্ষত নাইট
বিশ্বকাপের পর প্রথম ব্যাট হাতে নিলেন কাল। কিন্তু ওই ব্যাটই কাল কচুকাটা করল কলকাতা নাইট রাইডার্সের বোলারদের। জাতীয় দলের ওপর ‘অভিমান’ করে চলে আসা ক্রিস গেইল এবারের আইপিএলে প্রথম মাঠে নেমেই সেঞ্চুরি পেলেন মাত্র ৫৫ বলে। ১০টি চারের সঙ্গে ছিল ৭টি ছক্কা, যার দুটি এবারের আইপিএলে সবচেয়ে বড় দুই ছয়। গেইল-ঝড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ৯ উইকেটে। হরভজন সিংয়ের ৫ উইকেট চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসকে জিতিয়েছে ৮ রানে।ইডেনে গেইলের দিনটি ভালো যায়নি সাকিবের। ব্যাট পাননি, বোলিংয়ে ২.১ ওভারেই দিয়েছেন ২৯ রান। টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতা প্রথম ২ ওভারেই তুলেছিল ৩৩। কিন্তু সেই গতিটা ধরে রাখতে পারেনি। অধিনায়ক গৌতম গম্ভীরের ৪৮ ও জ্যাক ক্যালিসের ৪০ রানের পর ইউসুফ পাঠানের ২৪ বলে ৪৬ কলকাতাকে এনে দিয়েছিল ১৭১ রান। ১২.১ ওভারের উদ্বোধনী জুটিতেই গেইল-দিলশান তুলে ফেলেন ১২৩। ৩১ বলে ৩৮ করে দিলশান আউট হলে বিরাট কোহলিকে (২৩ বলে ৩০) নিয়ে ১১ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন গেইল। রোহিত শর্মার ৪৮ বলে ৮৭ ও সাইমন্ডসের ২৬ বলে অপরাজিত ৩১ রানে ১৬৪ রান তুলেছিল মুম্বাই। বদ্রিনাথের ৪৮ বলে অপরাজিত ৭০ ও মাইক হাসির ৩৩ বলে ৪১ রানও জেতাতে পারেনি চেন্নাইকে। ১৮ রানে ৫ উইকেট নিয়েছেন হরভজন। ওয়েবসাইট।