গেইল-তান্ডবে চূর্ণ ইংল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেইল-ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড! ছবি: এএফপি
গেইল-ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড! ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৩ রানের বড় লক্ষ্যই ছুড়ে দিয়েছিল ইংল্যান্ড। অবশ্য ম্যাচ শেষে ‘বড়’ শব্দটা আপনার কাছে হাস্যকরই মনে হবে! বড় এই লক্ষ্যটাকেই যে মামুলি বানিয়ে ফেললেন ক্রিস গেইল! বোলারদের মূর্তিমান আতঙ্ক গেইল কাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্বমহিমায় উপস্থিত। ইংলিশ বোলারদের এমনই তুলো ধোনা করলেন, শেষ পর্যন্ত বড় লক্ষ্যটা ১১ বল বাকি থাকতেই পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটা এসেছিল গেইলের ব্যাট থেকেই। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পেয়েছিলেন তিন অঙ্কের দেখা। এর পর ৯ বছরের অপেক্ষা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বড় মঞ্চে কেন যেন সেঞ্চুরিটা পাওয়া হচ্ছিল না জ্যামাইকান ওপেনারের। অপেক্ষার প্রহরে সমাপ্তি রেখা টানতে বেছে নিলেন ইংল্যান্ডের ম্যাচটি। একপর্যায়ে কত বলে কত রান দরকার ক্যারিবীয়দের, সে হিসাবের চেয়ে বড় হয়ে উঠল গেইল রেকর্ড ভাঙতে পারবেন তো?
টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নেওয়ার দারুণ সুযোগ এসেছিল গেইলের সামনে। প্রোটিয়া ব্যাটসম্যান রিচার্ড লেভির ৪৫ বলের সেঞ্চুরির রেকর্ডটা হাতছাড়া হলেও তিন অঙ্ক ছুঁলেন ৪৭ বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য এটাই দ্রুততম সেঞ্চুরি। গেইল উইকেটে থাকবেন আর ছক্কার বৃষ্টি নামবে না, তা কী হয়? কালও ভিন্ন কিছু হয়নি। গেইলের ১০০ রানের ইনিংসটায় তাই চারের চেয়ে ছক্কার মারই বেশি! ছক্কা হলো ১১টি, চার মোটে ৫টি। ব্রেন্ডন ম্যাককালামের ৯১টি ছক্কা ছাড়িয়ে টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি ছয়ের মালিক গেইলই।
ম্যাচটা যখন এতটাই গেইলময়, দ্বিতীয় সর্বোচ্চ মারলন স্যামুয়েলস কীভাবে ৩৭ করলেন কিংবা ইংল্যান্ড কীভাবে ১৮২ করল, তা কি আর জানার আগ্রহ থাকে? অবশ্য ইংলিশ ব্যাটসম্যানদের দায় এখানে দেওয়া যাবে না। ক্যারিবীয়দের বিপক্ষে ওভারপ্রতি প্রায় ৮ রান করে তুলেছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। শেষ ৪ ওভারে মরগান-বাটলার-স্টোকসদের ঝড়ে ভালো একটা লক্ষ্যই ছুড়ে দেয় ইংলিশরা। ৫৪ রান এসেছে এই ৪ ওভারে। তবে এর আগে ইংল্যান্ডকে পথ দেখিয়েছেন ব্যাটিংয়ে ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে ওঠা জো রুট। এ বছর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৪ ম্যাচে ৭৩০ রান তাঁর। ফর্মটা কালও টেনে নিলেন রুট। ৩৬ বলে করেছেন ৪৮ রান।
কিন্তু গেইলের ব্যাট হাসলে কীই বা করার থাকে প্রতিপক্ষের!