গেইল-পোলার্ড ঝড়
টি-টোয়েন্টি ম্যাচের ভাগ্য গড়ে দিতে ক্রিস গেইল কিংবা কাইরন পোলার্ড যেকোনো একজনের ব্যাটের ঝড়ই যথেষ্ট। সেখানে এই যুগলের ব্যাটেই যদি ঝড় ওঠে একসঙ্গে? যা হওয়ার তাই হয়েছে। পরশু যুক্তরাষ্ট্রের লডারহিলে (ফ্লোরিডা) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৫৬ রানে।স্কোর বোর্ডও যেন বোঝাতে ব্যর্থ ম্যাচে কতটা অসহায় ছিল নিউজিল্যান্ড! মন্থর উইকেটে গেইল-পোলার্ড প্রদর্শনীই লড়াইটাকে বানিয়ে দেয় একপেশে। তাঁদের যুগলবন্দী ওয়েস্ট ইন্ডিজকে দেয় ২ উইকেটে ২০৯ রান। ৫ ছক্কা, সাত চারে গেইল ৫২ বলে অপরাজিত থাকেন ৮৫ রানে। পাঁচ ছক্কা ও পাঁচ চারে পোলার্ড ২৯ বলে অপরাজিত থাকেন ৬৩ রান করে। তাঁদের ৬ ওভার ৫ বলের জুটিতে আসে ১০৮ রান, ওভারপ্রতি প্রায় ১৬ করে! ১৪তম ওভারে উইকেটে গিয়ে প্রথম বলেই ছক্কা মারেন পোলার্ড। দ্বিতীয় বলে ২, তৃতীয় বলে আবার ছক্কা।জবাবে নিউজিল্যান্ড ১৫৩ রানে অলআউট। ম্যাচে ক্যাচ, রানআউট, স্টাম্পিং মিসের মাশুল তো দিয়েছেই, নিউজিল্যান্ডের তিনজন পড়েছেন চোটে। কাঁধে চোট পাওয়া অধিনায়ক রস টেলর ওয়ানডে সিরিজেও অনিশ্চিত। ওয়ানডে দলে না থাকায় আঙুলে চোট পাওয়া স্পিনার রনি হিরা ফিরে যাচ্ছেন দেশে। অলরাউন্ডার জ্যাকব ওরাম চোট পেয়েছেন হাঁটুতে। ম্যান অব দ্য ম্যাচ গেইল। কাল রাতেই হয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি। ওয়েবসাইট।