গেইল-পোলার্ড-ঝড়ে ওয়েস্ট ইন্ডিজ ২০৫
কিছুটা ধীরগতিতে শুরু করলেও পরে ঠিকই নিজের মারমুখী ভঙ্গিতে আবির্ভূত হয়েছেন ক্রিস গেইল। আজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলেছেন ৪১ বলে ৭৫ রানের চমত্কার এক ঝোড়ো ইনিংস। গেইলের এই দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে ইনিংস শেষ করেছে ক্যারিবীয়রা। এটিই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংস। বল হাতে আজ কোনো সফলতা পাননি শেন ওয়াটসন। ৪ ওভার বল করে দিয়েছেন ৩৪ রান। এখন ফাইনালে যেতে হলে তাঁর ব্যাটের ওপরই অনেকখানি ভরসা করতে হবে অস্ট্রেলিয়ার সমর্থকদের।টসে জিতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে ওপেনার জনসন চার্লসের উইকেট হারালেও ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা ভালোভাবেই সচল রেখেছিলেন আরেক ওপেনার ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ৪১ রানের জুটি। অষ্টম ওভারে স্যামুয়েলসকে আউট করে অসি শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন প্যাট কামিন্স। কিন্তু তৃতীয় উইকেটে আবার ৮৩ রানের ঝোড়ো জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে শক্ত অবস্থানে নিয়ে যান গেইল ও ডোয়াইন ব্রাভো। ১৬তম ওভারে এই জুটি ভাঙেন কামিন্স। ৩৭ রান করে সাজঘরে ফেরেন ব্রাভো। তবে এর পরও অসি বোলারদের নাজেহাল করে গেছেন গেইল। ৪১ বলে ৭৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শেষ পর্যায়ে কাইরন পোলার্ডের ৩৮ রানের সুবাদে ২০৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। এই ৩৮ রান তিনি করেছেন মাত্র ১৫ বলে।