গেইল ফিরছেন উইন্ডিজ দলে
অবশেষে এক বছরের শীতল যুদ্ধের সমাপ্তি। ক্যারিবিয়ান মিডিয়া করপোরেশনের (সিএমসি) খবর, দীর্ঘ টানাপোড়েনের পর ক্রিস গেইলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। একটা ঝামেলা অবশ্য এখনো আছে, বোর্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লুআইপিএ) মামলা। গেইলের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) না পাওয়াকে কেন্দ্র করেই গত বছর ওই মামলা করেছিল ডব্লুআইপিএ। তবে এই মামলা গেইলের দলে ফেরার পথে কোনো বাধা নয়। এখনই অবশ্য ওয়েস্ট ইন্ডিজ দলে দেখা যাবে না তাঁকে। পুরো আইপিএল খেলে তবেই জাতীয় দলে ফিরবেন ‘ফ্রি ল্যান্স’ ক্রিকেটার।সমঝোতার আভাস মিলেছিল কিছুদিন আগেই ক্যারিকম (দ্য ক্যারিবিয়ান কমিউনিটি) গেইলের ঝামেলাটা সামলানোর দায়িত্ব নেওয়ায়। সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনজালভেসের উদ্যোগ ও ক্যারিকমের মধ্যস্থতাতেই শেষ পর্যন্ত সমঝোতা চুক্তিটি হয়েছে। সিএমসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষই নিজের আগের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছে। নিজেদের মধ্যে বাকি ঝামেলাগুলো মিটিয়ে ফেলতে শিগগিরই সভায় বসবে দুই পক্ষ। তবে ফিটনেস সমস্যা না থাকলে দলে ফিরতে গেইলের আর কোনো বাধা নেই। অ্যান্টিগা অ্যান্ড বারবুদার প্রধানমন্ত্রী বল্ডউইন স্পেন্সার জানিয়েছেন, ‘গেইল যেহেতু এখন ভারতে, সকল পক্ষকে নিয়ে সভার জন্য সুবিধাজনক একটা সময় বের করা হবে।’আইপিএল শেষ হবে ২৭ মে। আর ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর ৫ মে থেকে ২৪ জুন পর্যন্ত। অর্থাৎ, আজ শুরু হতে যাওয়া ফ্রাঙ্ক ওরেল ট্রফি তো বটেই, ইংল্যান্ডের বিপক্ষেও টেস্ট সিরিজে নেই গেইল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়েও সংশয় ছিল। কারণ, সে সময় গেইলের চুক্তি সমারসেটে খেলার। কিন্তু গেইল জানিয়েছেন, ওই সময় তিনি জাতীয় দলের হয়েই খেলবেন। খেলতে চান সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও।জাতীয় দলে না খেলে গেইল আইপিএল বেছে নেওয়ায় হতাশা জানিয়েছিল বোর্ড। তবে আপস ও সমঝোতা চুক্তির দিকে তাকিয়ে বোর্ড ব্যাপারটা মেনে নিয়েছে। বোর্ডের আশা, ডব্লুআইপিএর করা মামলাটি এবার তুলে নেবেন গেইল। গত সপ্তাহে গেইল আবার এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাপারটার সঙ্গে যেহেতু ডব্লুআইপিএ ও অন্য ক্রিকেটারদের স্বার্থ জড়িত, তাই তিনি একতরফা মামলা তুলে নিতে পারবেন না। বোর্ড তবু প্রধানমন্ত্রী গনজালভেসের মাধ্যমে মামলা তুলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়েবসাইট।