গেইল ফিরতে পারেন, যদি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই ধরে নিয়েছেন, ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ ক্যারিয়ারে যতি পড়ে গেছে। দুর্দান্ত ফর্মে থেকেও বিশ্বকাপের পর থেকে আর ওয়েস্ট ইন্ডিজ দলে নেই গেইল। আইপিএল-চ্যাম্পিয়নস লিগে অসাধারণ পারফরম্যান্স করেছেন। কিন্তু গেইলকে নেওয়া হয়নি চলমান বাংলাদেশ সফরেও। তাই, এটা ধরে নেওয়াই স্বাভাবিক। তবে গেইল আবার ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরতে পারেন। একটা ‘যদি’ অবশ্য আছে। যদি সাবেক অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) বিরুদ্ধে করা সব সমালোচনা প্রত্যাহার করেন, তাহলেই হয়তো...। ডব্লুআইসিবির বোর্ড পরিচালকদের এক সভা শেষে কাল দেওয়া হয়েছে এমনই এক বিবৃতি। বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘বোর্ড চায় ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে ক্রিস গেইল অতীতে যেসব মন্তব্য করেছেন, সেগুলো তুলে নিতে হবে। এই সিদ্ধান্ত ক্রিস গেইলকে জানানো হয়েছে এবং বোর্ড তাঁর উত্তরের অপেক্ষা করছে।’বিশ্বকাপের পর থেকেই গেইলের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে ডব্লুআইসিবির। বোর্ডের কঠোর সমালোচনা করেছেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তাঁকে দলে না নেওয়ার পর এপ্রিলে যোগ দেন আইপিএলে। সেই সময় এক রেডিও সাক্ষাৎকারে গেইল তাঁর সঙ্গে বোর্ড যে বাজে আচরণ করেছে, সেগুলো বলেছেন ফলাও করে। সমালোচনা করেছেন বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলাইরে ও কোচ ওটিস গিবসনের। বোর্ডের বিবৃতির পাশাপাশি ক্লাইভ লয়েডও এখন দৃশ্যপটে। বর্তমানে বোর্ডের অন্যতম পরিচালক সাবেক অধিনায়ক উত্তরসূরিকে পরামর্শই দিয়েছেন, ‘বিষয়টির এখনো সমাধান হয়নি, এটা খুবই দুঃখজনক। তবে গেইলের মন্তব্যগুলো তুলে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এতে যদি সমাধান হয়।’৯১ টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরিসহ ৬ হাজারের ওপর রান, ২২৮টি ওয়ানডে খেলে করেছেন ৮ হাজারের বেশি রান। এমন একজন খেলোয়াড়কে দলে প্রয়োজন বলেই মনে করেন লয়েড। ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের অধিনায়ক তো বিষয়টি নিয়ে ভাববেনই। এএফপি, ওয়েবসাইট।