গেইল-বধে শাহরিয়ার মন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিজ্ঞতাটা খুব অল্প সময়ের। তার পরও তো প্রত্যক্ষ অভিজ্ঞতা! একই জার্সি গায়ে একই দলে খেলেছেন, একই ড্রেসিংরুমে থেকেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে ‘ক্রিস গেইলকে যেমন দেখেছি’ ধরনের ছোটখাটো একটা ব্রিফিং সতীর্থদের করতেই পারেন শাহরিয়ার নাফীস।বিপিএলের অনেক বিতর্কিত বিষয়ের মধ্যে একটা ভালো দিক, বাংলাদেশি ক্রিকেটাররা পেয়েছিলেন অন্য দেশের বড় তারকাদের খুব কাছে যাওয়ার সুযোগ। বরিশাল বার্নার্স দলে খেলে শাহরিয়ার যেমন কিছুটা হলেও জেনেছেন ড্রেসিংরুমে হেডফোন কানে লাগিয়ে বসে থাকা গেইল চরিত্রের আরও কিছু দিক, ‘মাঠের বাইরে আমার কাছে অনেক শান্ত আর ঠান্ডা মস্তিষ্কের মানুষ মনে হয়েছে গেইলকে। খুব বেশি কথা বলে না। সব সময় রুটিন ফলো করে।’বোলারদের জন্য গেইল যে ব্যাট হাতে ঠান্ডা মাথার ‘খুনি’, সেটা নিয়ে অবশ্য নতুন করে বলার কিছু নেই। সেই গেইল-বধে সতীর্থ বোলারদের জন্য শাহরিয়ারের পরামর্শ, ‘ইনিংসের শুরুতেই ওকে আউটের সুযোগ তৈরি করতে হবে। সেট হয়ে গেলে বিপজ্জনক হয়ে উঠবে গেইল। সাম্প্রতিক সময়ে দেখেছি অফ স্পিনে বা ওর জন্য যেসব বল আউট সুইং হয়, গেইল সেগুলোতেই বেশি ঝামেলায় পড়ে।’এক বছর পর টেস্টে ফেরাটা বাংলাদেশ দলের জন্য কতটা আনন্দময় হবে তার অনেকটাই নির্ভর করতে পারে প্রতিপক্ষের ব্যাটসম্যান গেইলের ওপর। ওয়েস্ট ইন্ডিজ দলের একজন ব্যাটসম্যানের জন্যও বাংলাদেশের বোলারদের আলাদা ছক করতে হলে সেই ব্যাটসম্যান হবেন গেইল। অবশ্য অনুশীলন শুরুর দিন অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে ভাবার চেয়ে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করাই বেশি জরুরি। টেস্ট দিয়ে দলে ফেরার উপলক্ষে শাহরিয়ারও বলছেন, ‘তাদের বোলাররা খুব ভালো ফর্মে আছে। রামপল, এডওয়ার্ডস, বেস্ট ওদের স্ট্রাইক বোলার। ভালো ভালো স্পিনারও আছে। বিশেষ কাউকে নিয়ে না ভেবে আমাদের সবাইকে নিয়েই ভাবতে হবে।’সবার মধ্যে গেইলের মতো এডওয়ার্ডসও আলাদা ‘মর্যাদা’ পাবেন স্বাভাবিক। তাঁর গতি আর বাউন্সার বিশ্বের বড় বড় ব্যাটসম্যানের মনেও আতঙ্ক ছড়ায়। টেস্ট শুরুর আগে অবশ্য এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন শাহরিয়ার। নিতে পারছেন ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে ‘এ’ দলের অনুশীলনে পাওয়া একটা চোটের কারণেই। একাডেমি মাঠে শাহাদাত হোসেনের বাউন্সারের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলার ওই অভিজ্ঞতা থেকে শাহরিয়ার বলেছেন, ‘এটা খেলার অংশ। আমি তো কিছুদিন আগে এডওয়ার্ডসের চেয়েও ভয়ংকর বাউন্সার খেয়েছি রাজীবের (শাহাদাত হোসেন) বলে। যেটার পরিণতি অনেক বেশি খারাপ হতে পারত।’গত এক বছর বাংলাদেশ দল একটাও টেস্ট খেলেনি, আর শাহরিয়ার খেলেননি জাতীয় দলের হয়ে কোনো ধরনের ম্যাচই। তবে ‘এ’ দলে খেলেছেন এবং ভারত সফরে বিতর্কিতও হয়েছেন। জাতীয় দলের বাঁহাতি এই ব্যাটসম্যান সব পেছনে ফেলে শুরু করতে চাইছেন নতুন করে, ‘বিতর্ক খেলার অংশ। তা ছাড়া সেসব অনেক আগেই পার হয়ে এসেছি। এরপর বাংলাদেশ “এ” দলের হয়েও খেলেছি। প্রায় এক বছর পর আবার জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে বারবারই এসে পড়ছে টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশ দলের মাঝের বিরতির প্রসঙ্গটা। টেস্টে এ রকম নিস্তরঙ্গ সময় বাংলাদেশ দলের জন্য প্রায়ই আসে বলে মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই ক্রিকেটারদের। শাহরিয়ার বরং মনে করেন, এটা নিয়ে বেশি ভাবলেই হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। তার চেয়ে তিনি প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর পক্ষে, ‘এটা ঠিক, বেশি বেশি টেস্ট খেলার কোনো বিকল্প নেই। কিন্তু এফটিপি তো আমাদের হাত নেই। কাজেই সুযোগের সেরা সদ্ব্যবহার করতে হবে। তা ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সব সময়ই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’বাংলাদেশি ক্রিকেটারদের এই জায়গায় ঘাটতি থাকার কথা নয়। টেস্ট আসে বছরে দু-একবার। বাকি সময় তো শুধুই অপেক্ষা, মানসিক প্রস্তুতি!