গেইল-স্যামুয়েলস শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নটিংহাম, ৭ জুলাই ২০০৭। ইংল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের জয়ে ১৫ রানের ছোট্ট এক জুটি গড়েছিলেন সেই সময়ের অধিনায়ক ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। দুজনের কেউ কি তখন ভাবতে পেরেছিলেন পরের ৫ বছর আর একসঙ্গে একবারও ব্যাটিং করা হবে না! ৭ জুলাই, ২০১২। ২২ গজে দুই জ্যামাইকানের আবার দেখা হলো ঘরের মাঠ স্যাবাইনা পার্কে। এই দেখা হওয়াটা কী দারুণভাবেই না স্মরণীয় করে রাখলেন দুজন! আক্রমণাত্মক, তবু ভিন্ন ঘরানার দুই ব্যাটসম্যানের জুটি কতটা ভয়ংকর হতে পারে, দেখল ক্রিকেট-বিশ্ব। দুজনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে ২-০-তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচ সিরিজের তৃতীয়টি আগামী পরশু, সেন্ট কিটসে।৩১৬ রান তাড়া করতে নেমে ৫৫ রানের হার শুনলে যেমন মনে হয়, ম্যাচটা আসলে তার চেয়ে অনেক বেশি একতরফা ছিল। প্রয়োজনীয় রানরেটের সঙ্গে শুরু থেকে কখনোই তাল মেলাতে পারেনি নিউজিল্যান্ড। উইকেটও হারিয়েছে নিয়মিত বিরতিতে। শেষ দিকে ওয়াটলিংয়ের ৬২ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসে আড়াই শ ছাড়াতে পেরেছে তারা। ১০৭ বলে ১২৫ গেইল, ৮ চারের সঙ্গে ৯টি ছয়। স্যামুয়েল ১০৩ বলে অপরাজিত ১০১, ৭ চার আর ১ ছয়। এই পরিসংখ্যান যেমন বলছে, দুজনের ইনিংসটাও আসলে এমন বিপরীতধর্মী ছিল। গেইল ছিলেন যথারীতি ঝড়ের প্রতিশব্দ, খেলেছেন বোলার-ফিল্ডারদের মনোবল ভেঙে দেওয়া নিজের ট্রেডমার্ক সব শট। স্যামুয়েলস ৫১টি সিঙ্গেলসহ ৬৭ রান নিয়েছেন দৌড়ে, বাজে বলকে পাঠিয়েছেন বাউন্ডারিতে। তৃতীয় উইকেটে দুজনের ১২৯ রানের জুটি এসেছে ১১৬ বলে।দলে ফেরার পর পরশুর আগে গেইলের ইনিংসগুলো ছিল—৫৩, ২, ৮৫*, ৫৩, ৬৩*। ফিফটির বলয় থেকে বেরিয়ে কাল তিন অঙ্ক ছুঁয়েছেন বলেই শুধু নয়, গেইল উচ্ছ্বসিত ছিলেন আরেকটা কারণেও। ওয়ানডে সেঞ্চুরির সংখ্যায় ব্রায়ান লারাকে ছুঁয়েছিলেন আড়াই বছর আগে। মাঝে ৩৬ ইনিংসে সেঞ্চুরি ছিল না। পরশুর সেঞ্চুরিতে লারাকে ছাড়িয়ে উইন্ডিজের সর্বোচ্চ (২০টি) সেঞ্চুরিয়ান এখন গেইল একাই। উদ্যাপনের উচ্ছ্বাসই ধরা পড়ল গেইলের কণ্ঠে, ‘দুই বছর ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছি। এই অর্জনে আমি দারুণ খুশি, খুশি আমার প্রিয় ব্যাটসম্যান লারাকে ঘরের মাঠে ছাড়িয়ে যেতে পেরে।’স্যামুয়েলসের প্রতীক্ষা ছিল আরও দীর্ঘ, প্রায় সাড়ে ৫ বছরের! মাঝে অনেক দিন ছিলেন নিষিদ্ধ। পরশু পেলেন মাত্র তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি, ক্যারিবিয়ানের মাটিতে প্রথম! পরে ২ উইকেট নিয়ে ম্যাচসেরাও স্যামুয়েলস। তবে উচ্ছ্বাসটা বেশি ছিল যেন গেইলের সঙ্গে আবার ব্যাট করতে পেরেই, ‘যেভাবে চেয়েছিলাম, আজ ঠিক সেভাবেই ব্যাট করতে পেরেছি। অনেক দিন পর ক্রিসের সঙ্গে ব্যাট করতে পারার অনুভূতি দারুণ। আমার জীবনের বড় একটা অংশজুড়ে ক্রিস, ওর সঙ্গে ব্যাটিং আমি সব সময়ই উপভোগ করি।’ ওয়েবসাইট।