গেইল ‘ইস্যু’ গড়াচ্ছে প্রধানমন্ত্রী পর্যন্ত
আরও একবার উপেক্ষিত থেকে গেলেন ক্রিস গেইল। ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক তালিকায় তাঁকে দলে রাখেননি ক্যারিবীয় নির্বাচকেরা। রয়টার্স এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, গেইল ইস্যু এবার প্রধানমন্ত্রী পর্যন্ত গড়াচ্ছে। তাঁকে দলে না নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রতি মিডিয়া ও সমর্থকদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে জ্যামাইকার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে সার্বিক পরিস্থিতি অবহিত করার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।গত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন গেইল। এক সাক্ষাত্কারে তিনি বোর্ডের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, ইনজুরিতে থাকা অবস্থায় তাঁর খোঁজ নেয়নি বোর্ডের কেউ। ওই সাক্ষাত্কারে কোচ ও অধিনায়কেরও কঠোর সমালোচনা করেন গেইল।গেইলের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আলোচনায় বসা ও ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত জাতীয় দল দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও তাঁকে অংশ নিতে দেওয়া হবে না। তবে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন গেইল। আলোচনায় অবশ্য তিনি বসেছিলেন। কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।